ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ
জমজমাট লড়াইয়ে ঢাকা লেপার্ডসকে ১ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস
অব রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে তিন ফিফটিতে ৮ উইকেটে
২৬৮ রান তোলে রূপগঞ্জ। চিরাগ জনি ৫৯, সাব্বির রহমান ৫৪ ও পারভেজ হোসেন ইমন ৫২ রান
করেন। জবাবে পাকিস্তানি ব্যাটার উমর আমিনের সেঞ্চুরির (১৩৩ বলে ১২৮) পরও লেপার্ডস ৬
উইকেটে ২৬৭ রান তুলতে সমর্থ হয়। সোহরাওয়ার্দী শুভ (২৭ বলে ২৫) শেষ বলে রানআউটের
শিকার হলে হেরে যায় তার দল।
আজ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ রানে
হারিয়েছে আবাহনী লিমিটেড। ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ২৬৭ রান
সংগ্রহ করে আবাহনী। জবাবে ৬ উইকেটে ২৫৮ রান তুলতে সমর্থ হয় অগ্রণী ব্যাংক।
মোহাম্মদ নাঈম শেখ ৭৫ বলে ৭৯, মোসাদ্দেক
হোসেন ৬৯ বলে ৫২, মোহাম্মদ সাইফউদ্দিন ২২ বলে ৩৩, আফিফ হোসেন ৩০ বলে ৩১ ও এনামুল
হক বিজয় ৩৩ বলে ২৮ রান করেন। এনামুল হক তিনটি ও আবু হায়দার দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে আজমির আহমেদ (৬০), মার্শাল আইয়ুব (৫৮), ইলিয়াস সানী (৫৭),
শরিফউল্লাহ (১৯ বলে ২৬) ও আবু হায়দারের (১৭ বলে ১৯*) ব্যাটে জয়ের সম্ভাবনা
জাগিয়েছিল অগ্রণী ব্যাংক। যদিও ৯ রানে হেরে যায় তারা।
আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় শেখ জামাল
ধানমন্ডি ক্লাব। আগে ব্যাটিং করে ২৪৪ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। মুশফিকুর রহিম
৭৫ বলে ৭৭ রান করেন। এবাদত হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন। জবাবে ২০ বল বাকি থাকতে
লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। তৌহিদ হৃদয় ১১৮ বলে ৯৮, সাইফ হাসান ৮০ বলে ৭০ ও
নুরুল হাসান ৬৯ বলে ৪৪ রান করেন।
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী।
সমান পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এছাড়া রূপগঞ্জ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে ও
প্রাইম ব্যাংক ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।










