কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ছয় মাসের বেশি সময়। এরই মধ্যে শুরু হয়েছে এ আসরের টিকেট বিক্রি। এখন পর্যন্ত আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে সবচেয়ে বেশি টিকেটের আবেদন হয়েছে বলে জানিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সংস্থাটি জানায়, বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ রাউন্ডে ২ কোটি ৩৫ লাখ ফুটবলপ্রেমী আবেদন করেছেন। ফাইনালের বাইরে যেসব ম্যাচের টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে সেগুলো হলো— আর্জেন্টিনা-মেক্সিকো, আর্জেন্টিনা-সৌদি আরব, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ। এর মধ্যে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ফুটবল ভক্তদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে।

আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। এ আসরে অংশ নেবে ৩২টি দল। চারটি করে দল নিয়ে আটটি গ্রুপ ভাগ করা হয়েছে।
-ব্লেচার রিপোর্ট