শেষ অধ্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর চার ম্যাচের অপেক্ষা। আজ শুরু প্লে-অফ রাউন্ড। দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এ ম্যাচে হারলেই বিদায়। আর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে টেবিলের ১ ও ২ নম্বর দল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট ও কুমিল্লা ম্যাচে জিতলে ফাইনাল, হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে। 

প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় তুলে নেয় বরিশাল। এ সময় তারা সিলেটের পরেই অবস্থান করছিল। এরপর ছন্দপতন ঘটে। সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরে বসে সাকিব আল হাসানের দল। তাতে দুই থেকে ছিটকে গিয়ে চারে নেমে যায় তারা। 

বরিশালের ঠিক উল্টোটা ঘটেছে রংপুরের বেলায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তাদের শুরু, শেষও হলো সেই ভিক্টোরিয়ান্সের কাছে হেরে! মাঝে খারাপ ও ভালো সময় কেটেছে। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে বসে রাইডাররা। এরপর টানা ছয় জয়! ১০ ফেব্রুয়ারি কুমিল্লার কাছে ৭০ রানে হেরে গিয়ে এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে নুরুল হাসান সোহানের দলকে। ওই ম্যাচে জিতলে কুমিল্লার জায়গায় তারাই উঠত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। ওই ম্যাচে হেরে গিয়ে এখন তাদের খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ, যা দুই দলের জন্যই ‘‌নকআউট’ হিসেবে গণ্য হবে। এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। হারলে শেষ এবারের মিশন, আর জিতলে মিলবে আরেকটি সুযোগ। সে ক্ষেত্রে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার সুযোগ আসবে।

প্লে-অফ সামনে রেখে দলগুলো তারকার সমাবেশ ঘটিয়েছে। রংপুরে যোগ দিয়েছেন লংকান দলনায়ক দাসুন শানাকা ও আফগান স্পিনার মুজিব উর রহমান। এদিকে, বরিশালকে একাধিক ম্যাচে জেতানো ইফতিখার আহমেদ দেশে ফিরে গেলে নতুন করে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস আর লংকান মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকসে। 

আজ সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট ও কুমিল্লা। শুরু থেকে আলো ছড়ানো দলের নাম সিলেট। প্রথম পাঁচ ম্যাচ জিতে তারা দীর্ঘ সময় ধরে ১ নম্বরে থাকে। মাঝে ক্ষণিকের জন্য বরিশাল শীর্ষে উঠলেও পরে তা পুনরুদ্ধার করে মাশরাফি বিন মর্তুজার দল। ষষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম হারের স্বাদ পাওয়া সিলেট সব মিলিয়ে এবার ১২ ম্যাচের মধ্যে হেরেছে তিনটি। ৯টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছেন মাশরাফি ও মুশফিকরা। প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বপ্ন জাগানো সিলেট আর দুটি জয় দূরে। 

তবে আজ সিলেটের কাজটি কঠিন করে তুলতে পারে কুমিল্লা। তাদের যেমন শুরুটা দুর্দান্ত, তেমনটি কুমিল্লার রাউন্ড রবিন লিগে শেষের অধ্যায়টা অবিস্মরণীয়। প্রথম তিন ম্যাচে টানা হারের পর ৯টি ম্যাচে অপরাজিত ইমরুল কায়েসের দল। ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন যোগ দেয়ার পর কুমিল্লা এখন সমীহ জাগানো একটি দলে পরিণত হয়েছে। 

যদিও ইনফর্ম পাকিস্তানি ওপেনিং ব্যাটার মোহাম্মদ রিজওয়ান শুক্রবার ম্যাচ খেলেই দেশের পথে রওনা হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল থেকে তাদের ক্রিকেটারদের ডেকে পাঠায়। রিজওয়ান বিশেষ অনুমতি নিয়ে ১০ ফেব্রুয়ারির পর্যন্ত খেলেছেন। এখন তিনি চলে যাওয়ায় একাদশে খানিকটা পরিবর্তন আনতে হবে কুমিল্লাকে। 

অবশ্য খুব বেশি চিন্তা নেই ইমরুল কায়েসের। রিজওয়ানের জায়গায় টি২০ ক্রিকেটের বিস্ফোরক ব্যাটার ও স্পিনার ইংল্যান্ডের মঈন আলীকে তিনি পাচ্ছেন একাদশে। আর রাসেল ও নারাইন তো আছেনই। সে সঙ্গে দেশী তারকা লিটন দাস, ইমরুল কায়েসরা জ্বলে উঠলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে সিলেট। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমরা চলে যাওয়ায় শূন্যতা পূরণে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডেকে দলভুক্ত করেছে সিলেট।