নবম বিপিএলের ফাইনালে কুমিল্লার
ভিক্টোরিয়ান্সকে ১৭৬ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। ২৬ রানের মধ্যে
তৌহিদ হৃদয় ও মাশরাফি বিন মর্তুজার উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর
রহিমের রাজসিক ব্যাটিংয়ে ভর করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং টার্গেট দিতে সমর্থ হয়
সিলেট। মুশফিক ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন, আর শান্ত করেন ৬৪ রান।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত
৯ বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬৪ রান এবং অভিজ্ঞ মুশফিক ৪৮ বলে ৫
বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৪ রান করেন।
তৃতীয় উইকেটে মুশফিক ও শান্ত মিলে ৫৬ বল
খেলে বোর্ডে তুলেছেন ৭৯ রান। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মঈন আলীর বলে বোল্ড হয়ে যান
শান্ত। তখন দলের সংগ্রহ ১০৫/৩। এরপর টেল-এন্ডের অন্যদের নিয়ে দলের সংগ্রহটা ১৭৫
পর্যন্ত টেনে নেন মুশফিক। রায়ান বার্ল ১১ বলে ১৩ ও জর্জ লিন্ডে ৬ বলে ৯ রান করেন।
কুমিল্লার মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ দুটি
উইকেট নেন ৩১ রান দিয়ে। এছাড়া সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, মঈন আলী ও তানভির
ইসলাম একটি করে উইকেট নেন। তানভির একটি উইকেট নিয়ে এবারের বিপিএলে যুগ্মভাবে
সর্বোচ্চ শিকারি বোলার হলেন। তার সমান ১৭টি উইকেট নিয়েছেন রংপুরের হাসান মাহমদু।
তবে গড় ও ইকোনোমি রেটে তানভিরই এগিয়ে এক নম্বরে উঠে গেছেন।










