আগামী ১১ জুন সুপার এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ভিক্টোরিয়া রাজ্য সরকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান।
ভিক্টোরিয়া সরকার এই ম্যাচটিকে ঘিরে বড় অঙ্কের ডলার আয়ের সুযোগ দেখছে। কারণ, ম্যাচটিকে উপলক্ষ করে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক আসবেন মেলবোর্নে । আর এই আয় ভিক্টোরিয়ার অর্থনীতিতে উন্নতি ঘটাবে বলে মনে করছে রাজ্য সরকার।
ভিক্টোরিয়ার পর্যটক ও ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, এমসিজিতে আবারো মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই সফল প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। মেলবোর্নকে বিশ্বের অন্যতম ক্রীড়ার শহর এবং অনুষ্ঠানের রাজধানী হিসেবে প্রমাণ দেবে ম্যাচটি। তিনি আরো বলেন, বিশ্বের লাখ লাখ দর্শকের চোখ থাকবে মেলবোর্নের এই খেলাটির দিকে। ম্যাচটিকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটক ভিক্টোরিয়া পরিদর্শনে আসবেন।
৯৫ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে পাঁচ বছর আগেও এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পরাশক্তি। ২০১৭ সালের ৯ জুনের ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। সেইবার আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি খেললেও ব্রাজিল দলে ছিলেন না নেইমার জুনিয়র। তবে এবার দুই ফুটবলারকেই এই লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যেতে পারে।
১৮৫৩ সালে নির্মিত হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। এটিকে সংক্ষেপে স্থানীয়রা ‘দা জি’ নামেও ডাকে। ক্রিকেট স্টেডিয়াম হিসেবে এমসিজি সুপরিচিত নাম হলেও ক্রিকেট মৌসুম শেষে এখানে অন্যান্য ক্রীড়া ইভেন্টেরও আয়োজন হয়। অলিম্পিক, কমনওয়েলথ গেমসের আসরসহ এখানে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের খেলা হয় নিয়মিতই। রাগবি ইউনিয়ন, রাগবি লিগ, ফুটবল তো হয়ই, একসময় টেনিস, সাইক্লিংও হয়েছে এখানে।










