সিলেটে চলমান নারী এশিয়া কাপ টি২০তে আজ শনিবারের ম্যাচে বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট দিয়েছে প্রতিপক্ষ ভারত।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর টসে জিতে ব্যাটিং নেয় ভারত। এরপর ৫ উইকেট হারিয়ে পুরো ইনিংস খেলে ১৫৯ রান করে তারা।

শুরুর দুই ব্যাটার ভারতকে রানের ভিত্তি গড়ে দেয়। সর্বোচ্চ ৫৫ রান করেন শেফালি ভার্মা। স্মৃতি মান্দানা করেন ৩৮ বলে ৪৭ ও জেমাইমা রদ্রিগেজ ২৪ বলে ৩৫ করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছে রুমানা আহমেদ।

গত ১ অক্টোবর এশিয়া কাপের উদ্বোধনী দিনে থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও মালয়েশিয়ার সঙ্গে জয় পায় নিগার সুলতানার দল।

সাত দলের এই আসরে চারটি দল খেলবে সেমিফাইনাল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর ভারত রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। নারী এশিয়া কাপে এই দুই দলের বাইরে আর কেউই শিরোপা জিততে পারেনি।