মাউন্ট মঙ্গানুই টেস্টে গতকাল প্রথম দিন ৮৭.৩ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। পেসার শরিফুল ইসলামের কল্যাণে চতুর্থ ওভারেই ওপেনার টম ল্যাথামকে ফেরায় বাংলাদেশ। এরপর ডেভন কনওয়ের সেঞ্চুরি হতাশ করে বাংলাদেশকে। এর পরও এবার নিউজিল্যান্ডের মাঠে প্রত্যয়ী ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরিফুল। প্রথম ৮ ওভারে রান দেন কেবল ২। এ সময় তারা দুর্দান্ত বোলিং করে কঠিন পরীক্ষায় ফেলেন কিউই ব্যাটসম্যানদের।
নিউজিল্যান্ডের চির পেসবান্ধব উইকেটে ভালো বোলিং করে দিন শেষে ভিডিও বার্তায় শরিফুল বলেন, প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বোলিং করে। নতুন বলে মুভমেন্ট ছিল, সুইং করছিল, খুব উপভোগ করেছি প্রথম এক ঘণ্টা।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুবিধা কমতে থাকে। দ্বিতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। খারাপ সময়েও ধারাবাহিকতা ধরে রেখে ভালো বোলিং করে যান শরিফুল। ইয়ং ৫২ রান করে রানআউটের শিকার হন। এরপর ৬৭তম ওভারে তিনি ফেরান নিজের সবশেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেলরকে।
২০ ওভারে ৫৩ রান দিয়ে শরিফুল নেন ২ উইকেট। সারা দিনই চমত্কার বোলিং করা শরিফুল জানালেন, বিভিন্ন পর্যায়ে নতুন করে ঠিক করে নিতে হয়েছিল লাইন ও লেংথ। তার কথায়, লাঞ্চের পর পিচ একটু ভিন্ন ছিল। তখন ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখলাম ফ্ল্যাট হয়ে গেছে, বল সোজা যাচ্ছে তখন লেংথ একটু পিছিয়ে দিই। যেন স্কোর করা ওদের জন্য একটু কঠিন হয়।
আরো দু-একটি উইকেট না পাওয়ার আক্ষেপ শরিফুলের। তিনি বলেন, পারফরম্যান্সে খুশি। তবে মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও একটা-দুইটা উইকেট যেত, তাহলে আরেকটু খুশি লাগত। তবে দিন শেষ, (ম্যাচের
যে চিত্র তাতে) খুশি।
আজকের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, আমরা রান রেট কমিয়ে রাখার এবং ওদের তাড়াতাড়ি অলআউট করার চেষ্টা করব।










