নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে সোমবার লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। টস জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম বলে উইকেট হারায় লংকানরা। মারুফা আক্তারের বলে লেগ বিফোর হয়ে যান ভিশ্মি গুনারত্নে। বিপর্যয় দিয়ে শুরু করা লংকানরা এদিন খুব সুবিধা করতে পারেনি। ২০২ রানে অলআউট হয়ে যায় চামারি আতাপাত্তুর দল। যদিও এ রান পুঁজি করেই শেষ পর্যন্ত ৭ রানের নাটকীয় জয় তুলে নেয় তারা।

স্বর্ণা আক্তার আক্রমণে এসে শিকার করেন তিনটি উইকেট। নিশিতা আক্তার নিশিও নেন একটি। সব মিলে ১৮২ রানে ৮ উইকেট হারায় সিংহলিজরা। এক প্রান্তে লড়ে যাওয়া হাসিনি পেরেরাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্বর্ণা। ৯৯ বলে ৮৫ রান করেন পেরেরা। এরপর ৪৮.৪ ওভারে ২০২ রান তুলে অলআউট হয়ে যায় সিংহলিজ নারীরা। এ রান তাড়া করতে নেমে শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানার ফিফটিতে জয়ের রেসে থাকে বাংলাদেশ। সুপ্তা ৬৪ রানে রিটায়ার্ড হার্ট হলে সংকটের সূচনা হয়। তার জায়গা নামা স্বর্ণা আক্তার ১৯ রান করে বিদায় নেন। এরপর শেষ দিকে মাত্র ১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় বাংলাদেশ, টাইগ্রেসরা হেরে যায় ৭ রানের ব্যবধানে। এ হারে বিফলেই যায় নিগারের ৭৭ রানের লড়াকু ইনিংস।

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করা বাংলাদেশ পেতে পারতো নিজেদের ইতিহাসে তৃতীয় জয়। ২০২২ সালে প্রথম আসরে একমাত্র জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে, এবারও একমাত্র জয় এসেছে পাকিস্তানেরই বিপক্ষে। সোমবার শ্রীলংকাকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না নিগারের দল।

এ হারে এবারের আসর থেকে বিদায় নিল বাংলাদেশ। আর শ্রীলংকা ৪ পয়েন্ট নিয়ে আশা বাঁচিয়ে রাখল।