বিশ্বকাপে আজই প্রথম বড় পরীক্ষার
মুখে পড়ল স্বাগতিক ভারতের ব্যাটিং লাইনআপ। লক্ষ্ণৌতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মাত্র ২২৯ রান তুলতে সমর্থ হয়
রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা
ক্রিস ওকস ও ডেভিড উইলির আঘাতে ৪০ রানের
মধ্যে হারায় শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে। এরপর হাল ধরেন রোহিত
শর্মা ও লোকেশ রাহুল। ১১১ বলে ৯১ রানের জুটিতে স্থিতি আনেন দুজন।
যদিও দলীয় ১৬৪ রানের মধ্যে এ দুজনের
বিদায়ে আবার এলেমেলো ভারত। লোকেশ ৫৮ বলে ৩৯ রান করে উইলির শিকার হন (১৩১/৪)। আর বিশ্বকাপের
ইতিহাসে সর্বোচ্চ সাতটি সেঞ্চুরি করা রোহিত আরেক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আউট
হলেন ৮৭ রানে (১৬৪/৫)। আদিল রশিদের ঘূর্ণিতে তিনি ক্যাচ দেন লিয়াম লিভিংস্টোনকে।
১০ চার ও তিন বাউন্ডারিতে ইনিংসটি সাজান ভারতীয় দলনায়ক।
রোহিতের বিদায়ের পর চার উইকেট
হারিয়ে ৭৯ বলে মাত্র ৬৪ রান তুলতে সমর্থ হয় ভারত। বিগ হিটার সূর্যকুমার যাদব
চেষ্টা করছিলেন, তবে ৪৭ বলে ৪৯ রানে শেষ হয় তার ইনিংসটি। ইংল্যান্ডের ডেভিড উইলি
৪৫ রানে তিনটি এবং ক্রিস ওকস ৩৩ রানে ও আদিল রশিদ ৩৫ রানে দুটি করে উইকেট নেন।
পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১০
পয়েন্ট নিয়ে এ মুহূর্তে টেবিলের দুইয়ে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে এক ম্যাচ
বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে ১২ পয়েন্ট নিয়ে
এককভাবে টেবিলের চূড়ায় উঠবে রোহিত শর্মার দল। তিন ও চারে রয়েছে যথাক্রমে
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের চারটিতেই হারা ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে
টেবিলের তলানিতে।
ওয়ানডে বিশ্বকাপে দু’দলের মধ্যে
আটবারের লড়াইয়ে ইংল্যান্ড চারটি ও ভারত তিনটিতে জিতেছে। একটি ম্যাচ টাই হয়। ২০১৯
সালে সর্বশেষ লড়াইয়ে ৩১ রানের জয় পায় ইংলিশরা।










