ভিলারিয়ালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। ফাইনালে ওঠার পর পরই ইংলিশ ক্লাবটির ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ বলেছিলেন, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে চান তিনি। তার চাওয়া পূর্ণ হয়েছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। এর পরই টুইটারে নতুন বার্তা দিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। তিনি লিখেছেন, আমাদের একটি হিসাব চুকানো বাকি আছে।

আগামী ২৯ মে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দে ফ্রান্সে’ রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

২০১৭-১৮ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে লিভারপুলকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু সেইবার ফাইনালের প্রথমার্ধেই তখনকার রিয়ালের বর্তমান পিএসজি ডিফেন্ডার সার্জিও রামোসের বাজে ট্যাকেলের শিকার হয়ে চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। ওই ফাইনালে তার দলও হেরে যায় ৩-১ গোলে। যদিও পরের মৌসুমেই টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শিরোপা উল্লাস করে সালাহর দল।

 

তবে সালাহর কথা-বার্তা থেকে আভাস মেলে, রিয়ালের বিপক্ষে সেই ফাইনাল ম্যাচ নিয়ে তিনি এখনো প্রতিশোধে পুড়ছেন। তারই অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল ফাইনালে ওঠার পরই একটা ছোট্ট বার্তা দেন সালাহ। সেখানে তিনি লেখেন, আমাদের একটি হিসাব-নিকাশ বাকি আছে।

 

এর আগে ফাইনালে ওঠার পর সালাহ স্প্যানিশ ক্লাবকে ফাইনালে চেয়েছিলেন। ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে জয়ের পর সালাহ বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। আমরা তাদের বিপক্ষে ফাইনাল হেরেছিলাম। তাই তাদের বিপক্ষে খেলতে চাই। আশা করি, সেটি হলে তাদের হারিয়ে শিরোপা জিতব।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলে জেতে সিটি । দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। এ নিয়ে ১৭ বার ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। আগে ১৬ ফাইনাল খেলে সর্বোচ্চ ১৩ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

 

তার আগে ভিলারিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ১০ম ফাইনাল খেলবে অল রেডস। আগের নয়বারে ছয় শিরোপা জেতে তারা। পাঁচ মৌসুমে এবারসহ তিনবার ফাইনাল খেলছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দ্য গার্ডিয়ান, টুইটার