বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের খেলায় শুক্রবার রাতে বড় জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ‘এ’ গ্রুপের ম্যাচে জার্মানি ৪-০ গোলে লুক্সেমবার্গকে ও ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে আজারবাইজানকে।

এ জয়ের পর ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ড ও স্লোভাকিয়ার ঝুলিতেও সমান ৬ পয়েন্ট। শুক্রবার স্লোভাকিয়াকে ২-০ গোলে হারায় নর্দার্ন আয়ারল্যান্ড। লুক্সেমবার্গ পয়েন্টশূন্য।

সিনশেইমে ২০০৬ সালের পর অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানরা সহজ জয় তুলে নেয়। ডেভিড রাউম, জসুয়া কিমিখ ও সের্জে নাবরির গোলে জয় নিশ্চিত হয় জার্মানদের। ১২ মিনিটে ফ্রি কিক থেকে আরবি লিপজিগের লেফট-উইঙ্গার রাউম গোল করে জার্মানিকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। যতক্ষণ মাঠে ছিলেন পুরোটা সময়ই তিনি প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন। নিজেদের ডিফেন্সেও অবদান রেখেছেন। ২১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ। ডির্ক কার্লসন নিজেদের বক্সের মধ্যে হ্যান্ডবল করলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন, সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে গোল আদায় করে নেন কিমিখ। পরে ১০ জন নিয়ে খেলার ধকল যায় লুক্সেরবার্গের ওপর দিয়ে। এর পরও তারা দারুণভাবে রক্ষণাত্মক খেলেছে। যদিও গোলবার নিশ্ছিদ্র রাখতে পারেনি। ৪৮ মিনিটে নাবরির গোলে ৩-০তে এগিয়ে যায় জার্মানি। এর দুই মিনিট পর কিমিখ করেন আরেকটি গোল। তাতে জার্মানদের বড় জয় নিশ্চিত হয়।

এদিকে ফ্রান্সের জয়ে আলো ছড়ান কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে ‘লা ব্লুজদের’ জয়ের কারিগর তিনিই। এক গোল করার পাশাপাশি আরেকটি গোল অ্যাসিস্ট করেছেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হুগো এতিকিতের পাসে ফ্রান্সকে এগিয়ে দেয়ার পর ৬৯ মিনিটে আদ্রিয়েন রাবিওর গোলে অ্যাসিস্ট করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। ৮৪ মিনিটে থাউভিনের গোলে ফরাসিদের জয় নিশ্চিত হয়ে যায়। এ জয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ওঠার কাছাকাছি পৌঁছে গেল দিদিয়ের দেশমের দল। সোমবার আইসল্যান্ডের মাঠে জিতলে তাদের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে।

এ রাতে ইউক্রেন ৫-৩ গোলে হারায় আইসল্যান্ডকে। ‘ডি’ গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এছাড়া ইউক্রেনের ৪, আইসল্যান্ডের ৩ ও আজারবাইজানের ১ পয়েন্ট।

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব মিলে ২৬ ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখাল ফ্রান্স।

যদিও সহজাত সুন্দর ফুটবল উপহার দিতে পারেনি ফরাসিরা। এ নিয়ে কোচ দেশম বললেন, ‘আমরা যে ফল চেয়েছি তা পেয়েছি, তবে পারফরম্যান্স পাইনি। বিশেষ করে, প্রথমার্ধে। বল পায়ে আমাদের ছেলেরা বেশ ধীর ছিল, পাসিংয়ের ক্ষেত্রেও।’

এমবাপ্পের প্রশংসা করে তিনি বলেন, ‘কিলিয়ান দারুণ ফর্মে আছে। সে একজন নেতা, অধিনায়ক এবং সেপ্টেম্বরেই সে ফর্ম ফিরে পেয়েছে।’

ইউরোপ মহাদেশ থেকে ১৬টি দল খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি উঠবে মূল পর্বে, এরপর প্লে-অফ খেলে যাবে আরো চারটি দেশ।