আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ চারটিতে হেরেছে, জিতেছে একটি। অপরদিকে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে। শক্তিতে আকাশ-পাতাল  পার্থক্য নিয়েই এ দুই দল বিশ্বকাপের মঞ্চে শুক্রবার ভোরে মুখোমুখি হচ্ছে।

রেকর্ড ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারো ফেভারিট। রাউন্ড রবিন লিগে ছয় ম্যাচে ১২ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের শীর্ষে তারা, সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে মেগ ল্যানিংয়ের দল। অপরদিকে বাংলাদেশ নিজেদের প্রথম বিশ্বকাপ খেলছে। পাকিস্তানের বিপক্ষে একটি জয় পেলেও রাউন্ড রবিন লিগ থেকেই বিদায় একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে। এ অবস্থায় ওয়েলিংটনে আগামীকাল ভোর ৪টায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা না থাকলেও গত টি২০ বিশ্বকাপে তাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সেদিন পাত্তাই দেয়নি বাংলাদেশকে। শক্তি, সামর্থ্য আর সব বাস্তবতার সমীকরণে এমন দলের বিপক্ষে জয় দুঃসাধ্য। তবে ম্যাচটিকে এভাবে দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি যেটা মনে করি, নির্দিষ্ট দিন খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটে কখন কী হয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন না। ক্রিকেট খেলাটা হলো মোমেন্টামের খেলা। যে দল যেদিন মোমেন্টাম পায়, তা ধরে রাখতে পারে এবং শেষ পর্যন্ত বয়ে নিতে পারে এবং ভুল কম করে (তারাই জিতে যায়)। ক্রিকেটে এখন আর নামের দিক থেকে হয় না। পারফরম্যান্স দিয়েই হয়।

প্রতিপক্ষ দলের চেয়ে বাংলাদেশের দুর্ভাবনা বেশি আপাতত নিজেদের ব্যাটিং নিয়ে। পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্পের জন্য মিলিয়ে গেছে ব্যাটিং ব্যর্থতায়। এরপর ভারতের কাছেও বড় ব্যবধানে হারতে হয়েছে ব্যাটিং ভালো না হওয়ায়।

বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের বোলিং ইউনিট অনেক ভালো করছে। সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাটিং ইউনিট ক্লিক করা। এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোলাররা আগের ম্যাচগুলোয় সব প্রতিপক্ষকেই মোটামুটি রানে আটকে রেখেছে। কিন্তু ব্যাটিংয়ে আমরা সাপোর্ট করতে পারিনি। সবারই চাওয়া, ব্যাটিং ইউনিট যেন ঘুরে দাঁড়াতে পারে। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী দল, টুর্নামেন্টে অনেক ভালো অবস্থানে আছে। তবে আমাদের দুটি ইউনিট (ব্যাটিং-বোলিং) যদি ভালো করতে পারি, তাহলে লড়াই করতে পারব তাদের বিপক্ষে।