ইন্ডিয়ান নারী ফুটবল লিগে আজ মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা সানজিদা আক্তার ও সাবিনা খাতুন। কলকাতায় ইস্ট বেঙ্গল ও বেঙ্গালুরুর দল কিকস্টার্টের এই ম্যাচে ফ্রি কিক থেকে অবিশ্বাস্য এক গোল করেন সানজিদা। যদিও তার দল ১-৩ গোলে হেরেছে সাবিনাদের দলের কাছে।

 

সানজিদার অভিষেকের ম্যাচে ড্র করে ইস্ট বেঙ্গল। দ্বিতীয় ম্যাচে তিনি পেলেন হারের স্বাদ। তবে আজ তিনি যে গোলটি করেছে তা মুগ্ধ করেছে সবাইকে। ইস্ট বেঙ্গল ক্লাবের ‘এক্স’ একাউন্টে ক্লাবের হয়ে তার প্রথম গোল উদযাপনের ছবি দিয়ে অভিনন্দন জানানো হয়।


 

সানজিদা নিজেও তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে ফ্রি কিক থেকে করা সেই গোলটির ভিডিও গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। সেখানে অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি।

 

গতকালের হারের পর সাত দলের এই লিগে ছয় নম্বরে থাকল ইস্ট বেঙ্গল। কিকস্টার্ট রয়েছে তৃতীয় স্থানে।