ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে শুক্রবার সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারের লজ্জা দিয়েছে ব্রাজিল। পাঁচ বছর পর ৫-০ গোলে জিতল সেলেসাওরা। সর্বশেষ ২০২০ সালের ঠিক এই দিনে তারা বলিভিয়াকে হারিয়েছিল ৫-০ গোলে। সেটা ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
প্রথম চার গোলের মধ্যে দুটি গোল করেন চেলসি তারকা এস্তেভাও। এছাড়া রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগো করেন জোড়া গোল। পঞ্চম গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
নেইমার দুই বছরেরও বেশি সময় ধরে ব্রাজিল দলে নেই। ব্রাজিলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে। আনচেলত্তির অধীনে খেলার সুযোগ মেলেনি। আসল নেইমার না থাকলেও চিন্তা কী? ‘নতুন নেইমার’ যে এসে গেছেন! চেলসি ফরওয়ার্ড এস্তেভাওকে বলা হচ্ছে ‘নতুন নেইমার’। তিনি জোড়া গোল করে আনচেলত্তির মন ভরিয়ে দিয়েছেন। এছাড়া জোড়া গোল করেছেন রদ্রিগো, আর একটি গোল পান ভিনিসিয়ুস জুনিয়র। পরের দুজনও অতীতে বিভিন্ন সময়ে ‘নতুন নেইমার’ ট্যাগ পেয়েছেন।










