টানটান
উত্তেজনায় ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম ২০২৩-২০২৪ আজ শেষ হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টায়
একযোগে শুরু হবে লিগের ১০টি ম্যাচ। তবে এই ১০ ম্যাচের মধ্যে দুটিতে চোখ থাকছে সবার।
ইতিহাদে টেবিল টপার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টেবিলের নয় নম্বর দল ওয়েস্ট হ্যাম।
আর আর্সেনাল ঘরের মাঠে খেলবে এভারটনের বিপক্ষে। শিরোপা উঠবে ম্যানসিটি কিংবা আর্সেনালের
হাতে।
অবশ্য
গত এক দশক ধরে প্রিমিয়ার লিগে আধিপত্য আসা ম্যানসিটিই আজ এগিয়ে রয়েছে। সিটি ও আর্সেনাল
উভয় দলই জিতে গেলে সিটিজেনরা টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে। ৩৭ রাউন্ড শেষে
তারা দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৮৮, সমান ম্যাচে গানারদের
৮৬।
আজ
সিটি হারলে কিংবা ড্র করলেই কেবল কপাল খুলবে গানারদের। সিটি জিতলে সব হিসেব নিকেষ শেষ।
আর তারা হারলে আর্সেনাল নিজেদের ম্যাচটি জিতে নিয়ে চ্যাম্পিয়ন হবে। আবার সিটি ড্র করলেও
গানাররা শিরোপা জয়ের সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের নিজেদের ম্যাচটি জিততে হবে। তখন
দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মিকেল আরতেতার দলের।
বর্তমানে সিটির (+৬০) চেয়ে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনাল (+৬১)।
সিটির
ভাগ্য যে তাদের নিজেদেরই হাতে, সেটি স্বীকার করে নিয়ে দলটির কোচ গার্দিওলা বলেছেন,
‘ভাগ্য আমাদের নিজেদেরই হাতে। আবার আপনি যদি চিন্তা করেন, তারা পয়েন্ট হারাবে এবং এভারটন
কিছু করবে, তবে আপনি ভুল করছেন। আমি মৌসুমজুড়ে আর্সেনালকে দেখেছি। আমরা স্রেফ ওয়েস্ট
হ্যামের বিপক্ষে নিজেরা কী করতে পারছি, সেটা নিয়েই ভাবছি। আমরা ওয়েস্ট হ্যামকে হারাব,
এর বাইরের কিছু আমার মাথায় নেই।’
আর্সেনাল
বস মিকেল আরতেতা বলেন, ‘বিশ্বের সেরা লিগে দুটি দলের মধ্যে শেষ দিন পর্যন্ত লড়াই। সমর্থকরা
এটাই দেখতে চায় বারবার। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, এটাই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
লিগ। সবকিছুতে অনিশ্চয়তা। আপনি এখনো রেসে আছে, কিন্তু সবকিছুই অনিশ্চিত।’










