ত্রিদেশীয় টি২০ সিরিজে আজ বুধবার নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজের ফাইনালে নাম লিখিয়েছে কিউইরা, ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানের দল শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

 

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ সকালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে সাকিবের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে কিউইরা বোর্ডে তুলে নেয় দুর্শোধ্ব স্কোর। গ্লেন ফিলিপস (২৪ বলে ৬০), ডেভন কনওয়ের (৪০ বলে ৬৪) ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২০৮ রানের সৌধ গড়ে স্বাগতিকরা। এছাড়া ফিন অ্যালেন ১৯ বলে ৩২ ও মার্টিন গাপটিল ২৭ বলে ৩৪ রান করেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৩৭ রানে ও এবাদত হোসেন ৪০ রানে দুটি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম নেন একটি উইকেট।

 

জবাবে সাকিবের বীরত্বপূর্ণ ইনিংসের পরও ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। সাকিব ৪৪ বলে ৭০ রান করেন আটটি চার ও একটি ছক্কার সাহায্যে। এছাড়া লিটন দাস ১৬ বলে ২৩, সৌম্য সরকার ১৭ বলে ২৩ রান করেন। মেহেদী হাসান মিরাজের জায়গায় আসা নাজমুল হোসেন শান্তর ধীরগতির সূচনা দলের রান চেজে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি ১২ বল খেলে ১১ রান করেন, তাও শূন্য আর ১০ রানে দুবার জীবন পান। লিটন ও সৌম্যর ব্যাটিং মুগ্ধ করলেও শেষ দিকে কেউই বলার মতো পারফর্ম করতে পারেননি। ফলে দুশ ছোঁয়া হয়নি বাংলাদেশের।

 

কিউই বোলার অ্যাডাম মিলনে ২৪ রানে তিনটি, টিম সাউদি ৩৬ রানে দুটি এবং মাইকেল ব্রেসওয়েল ৩৯ রানে দুটি উইকেট নেন। দুই চার ও পাঁচ ছক্কায় ৬০ রান করে ম্যাচসেরা হন গ্লেন ফিলিপস।

  

হার শেষে বাংলাদেশ দলনায়ক সাকিব বলেন, নিউজিল্যান্ড বোর্ডে ভালো রান তোলার পর আমরা সব সময়ই ম্যাচে তাদের চেয়ে পিছিয়ে ছিলাম। আমরা আরো ১৫-২০ রান বেশি করতে পারলে ভালো লাগতো। উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। গত তিন ম্যাচে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে আমরা ছন্দ হারিয়েছি। কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা জানি বিশ্বকাপের দলগুলো কতটা ভালো, কাজেই তার আগে আমরা একটি ভালো কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আগামীকাল আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। সেজন্য ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

 

প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। কাল কি বাবর আজমদের হারিয়ে প্রতিশোধ নিতে পারবেন সাকিবরা?