আইসিসি নারী
ওয়ানডে বিশ্বকাপে আজ স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে
অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৬৯ রান তোলে অজি নারীরা। জবাবে কিউই
নারীরা মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়।
এদিকে, বিশ্বকাপে আগামীকাল ভোরে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
পাকিস্তান তিন ম্যাচের তিনটিতেই ও বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। দুই দল
কাল প্রথম জয়ের খোঁজে নামবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায়।
কাল সকাল ৭টায় দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ওয়েলিংটনে আজ
এলিস পেরির অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে অস্ট্রেলিয়া। ৮৬ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায়
৬৮ রান করেন পেরি। এছাড়া তাহলিয়া ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭, অ্যাশলে গার্ডনার ১৮ বলে ৪৮ ও বেথ মুনি ৪৪ বলে ৩০ রান করেন।
এরপর
অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের মুখে ৩০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানে
গুটিয়ে যায় সোফি ডিভাইনের নিউজিল্যান্ড। এমি স্যাটার্থওয়েট সর্বোচ্চ ৪৪ রান করেন।
ডার্সি ব্রাউন ২২ রানে তিনটি এবং গার্ডনার ও আমান্ডা-জেড ওয়েলিংটন দুটি করে উইকেট নেন। পেরি নেন ১৮ রানে একটি উইকেট।
বিশ্বকাপে ৮ দল
প্রতিদ্বন্দ্বিতা করছে। রাউন্ড রবিন লিগে প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হবে।
শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলো জিতে টেবিলের
শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দুটি করে ম্যাচ জিতেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও
ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ, পাকিস্তান ও
ইংল্যান্ড কোনো ম্যাচ জিততে পারেনি।










