শ্রীলংকায় আজ শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। আট দলের এ আসরে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
নবম নারী এশিয়া কাপ ক্রিকেটে এবার ফেভারিট কারা? অন্তত নারী এশিয়া কাপে এর উত্তর সহজ। আটবারের মধ্যে সাতবারই শিরোপা জেতা ভারত এ অঞ্চলের ক্রিকেটের রানী। ওয়ানডে ফরম্যাটে চার আসরে চারবার ও টি-টোয়েন্টি ফরম্যাটে চার আসরে তিনবার চ্যাম্পিয়ন তারা। এবারো ফেভারিট হিসেবে খেলতে নামছে হারমানপ্রিত কাউরের দল। যদিও স্বাগতিক শ্রীলংকা কিংবা সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশকে বাতিল করে দেয়া যাবে না।
২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১২ রান তুলতে সমর্থ হয় ভারতীয়রা। জবাবে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেবারই পুরুষ কিংবা নারীদের ক্রিকেটে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশ।
২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে নেয় ভারত। ফাইনালে তারা শ্রীলংকাকে হারায়। নিজেদের মাঠে সেবার হতাশ করে বাংলাদেশ। সাত দলের আসরে নিগার সুলতানার দল সেমিফাইনালেও উঠতে পারেনি। বরং তাদের জায়গায় শেষ চারে উঠে যায় থাইল্যান্ড।
এবার বড় আশা নিয়ে শ্রীলংকায় খেলতে গিয়েছেন নিগার সুলতানা, জাহানারা আলমরা। অধিনায়ক নিগার ঢাকা ছাড়ার আগে বলে যান, ভারতের কাছে ৫-০তে হোম সিরিজে হারলেও এবার তারা ভালো করতে চান। ব্যাটিংয়ে বাংলাদেশ খারাপ করছিল এবং এ ইউনিট নিয়ে কাজ করায় এখন তারা বেশ আশাবাদী।
এবার তরুণদের সঙ্গে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার ও দুই সাবেক অধিনায়ক জাহানারা আলম ও রুমানা আহমেদ। সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো খেলার পুরস্কার হিসেবেই তারা এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন।
এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। আগামীকাল সন্ধ্যায় স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের বাকি দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ২৬ জুলাই দুটি সেমিফাইনাল ও ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী এশিয়া কাপ ক্রিকেটের।










