শেষ পর্যায়ে ফুটবলের ২০২১-২২ মৌসুম। প্যারিস সেন্ট জার্মেই যুগ্মভাবে
রেকর্ড দশম লিগ শিরোপা জয় করেছে। কিন্তু তারকাবহুল দল নিয়ে মাউরিসিও পচেত্তিনোর এই
অর্জনে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। তাদের প্রত্যাশা ছিল চ্যাম্পিয়নস লিগের
শিরোপা। কিন্তু আর্জেন্টাইন কোচ তা এনে দিতে পারেননি। শেষ ষোলো থেকেই বিদায় নেয়
পিএসজি। ফ্রেঞ্চ কাপ ও সুপার কাপেও ব্যর্থ হয় দলটি। সব মিলিয়ে দলকে লক্ষ্যে
পৌঁছাতে পারেননি আর্জেন্টাইন কোচ। তাই বেজে উঠেছে তার বিদায়ের ঘণ্টা।
ফ্রান্সের সংবাদমাধ্যম বলছে, মৌসুম শেষ হলেই বরখাস্ত হতে পারেন পচেত্তিনো। তার জায়গায় কে আসবেন
পিএসজির কোচ হয়ে সেই গুঞ্জনও চলছে। বলা হচ্ছে, পচেত্তিনোর জায়গায় আসবেন টটেনহাম কোচ আন্তোনিও কন্তে। তার সঙ্গে ফরাসি
ক্লাবটির দুই বছরের চুক্তি হবে বলে জানিয়েছে গণমাধ্যম।
ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনো আর ফরাসি জায়ান্টদের সঙ্গে
চালিয়ে যেতে চান না,
অন্যদিকে
ক্লাবটিও চায় না এই আর্জেন্টাইন তাদের ম্যানেজার হিসেবে থাকুক।
পচেত্তিনোকে সরিয়ে দিতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে পিএসজি। চুক্তি
অনুযায়ী আগামী মৌসুমও মেসি-নেইমারদের সঙ্গে কাটানোর কথা তার।
যেহেতু চুক্তির মেয়াদ শেষের আগেই বিদায় দেয়া হবে। তাই একটা ক্ষতিপূরণ দিতে হবে
তাকে। ক্ষতিপূরণের পরিমাণ ১২.৬ মিলিয়ন পাউন্ড।
লা প্যারিসিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়েছে, পিএসজির নতুন কোচ হিসেবে কন্তের পাশাপাশি জিনেদিন
জিদানের নামও উচ্চারিত হচ্ছে। তবে জিদানের ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেয়ারও
গুঞ্জন রয়েছে। ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমের মেয়াদ শেষ হবে আসন্ন কাতার
ফুটবল বিশ্বকাপের পর। বিশ্বকাপে ভালো ফল পেলে জাতীয় দলে কাজ চালিয়ে যেতে পারেন
২০১৮ বিশ্বকাপজয়ী দেশম। খবর দ্য ডেইলি মেইল।










