মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারাল নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজটা তারা জিতল ২-০ ব্যবধানে।

৪৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন বিনা উইকেটে ৪৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আজ সোমবার পঞ্চম দিন বিনা উইকেটে ৮৭ রানে পৌঁছে যায় তারা। এরপর বিপর্যয় শুরু এবং পরের ৫১ রানের মধ্যে হারায় ১০ উইকেট! জ্যাকব ডাফি ৪২ রানে ৫টি ও আজাজ প্যাটেল ২৩ রানে ৩টি উইকেট নেন।

এ নিয়ে চলতি সিরিজে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন ডাফি। সব মিলে সিরিজে নিয়েছেন ২৩ উইকেট। কোনো একটি টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের হয়ে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু রিচার্ড হ্যাডলি (৩৩ উইকেট, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেইলর (২৭ উইকেট, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)।

তবে এই টেস্টটা ডেভন কনওয়ে ও টম ল্যাথামের। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে প্রথম দুই ওপেনার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ল্যাথাম ও কনওয়ে। ল্যাথাম প্রথম ইনিংসে ১৩৭ ও দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেন। আর কনওয়ে প্রথম ইনিংসে ২২৭ ও দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন। তাদের দুজনের অবিশ্বাস্য ব্যাটিং নিউজিল্যান্ডকে বসায় চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ৩০৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬২ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। ক্যারিবীয়রা এই রান তাড়া করতে নেমে গুটিয়ে গেল ১৩৮ রানে।