আগামী গ্রীষ্মের দলবদলেই কিলিয়ান এমবাপ্পেকে ঘরে তোলার কথা রিয়াল মাদ্রিদের। সেই এমবাপ্পের গোলে পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল! গতকাল পার্স দি প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোস। দলের বড় তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে পিএসজি দাপট দেখাতে থাকে। রিয়ালকে করে ফেলে কোনঠাসা। এগিয়েও যেতে পারতো মাউরিচিও পচেত্তিনোর দল। খেলার ৫ মিনিটের সময় এমবাপ্পের পাসে অ্যাঞ্জেল ডি মারিয়া আট গজ দূরত্বে থেকে পোস্টের উপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ১৮ মিনিটে এমবাপ্পের দুর্বল শট পা দিয়ে প্রতিহত করেন গোলকিপার থিবো কোর্তোয়া।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ সেভাবে কমই এসেছে মেসি-এমবাপ্পেদের সামনে। বিপরীতে রিয়াল মাদ্রিদ গোলে সেভাবে কোনো শটই নিতে পারেনি। বিরতির পর চাপ ধরে রেখে ৫০ মিনিটে কোর্তোয়ার আবারো পরীক্ষা নেয় পিএসজি। তবে এমবাপ্পের শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন বেলজিয়ান গোলকিপার।
৫৪ মিনিটে রিয়ালের টনি ক্রস প্রথম গোলে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬১ মিনিটে মেসির পেনান্টি মিস! এমবাপ্পেকে বক্সে বাধা দেন অতিথি ডিফেন্ডার দানি কারভাহাল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মেসির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন কোর্তোয়া।
৭৩ মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তাতে আক্রমণে তেজ বাড়ে। ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করলে মেসির নেয়া ফ্রি কিক হয় লক্ষ্যভ্রষ্ট।
একটু পরই মেসির পাসে এমবাপ্পের শট দূরের পোস্ট দিয়ে যায়। শেষ দিকে এসে রিয়াল চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বরং যোগ করা সময়ে পিএসজি কাঙি্ক্ষত গোলের দেখা পায়।
নেইমারের ব্যাকহিলে থেকে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতেই সমর্থকদের বাধভাঙা উল্লাস। তাতেই রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। ৯ মার্চ ফিরতি লেগের ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যুয়ে।










