ইংলিশ এফএ কাপে ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় টমাস টুখেলের দল।

 

শনিবার প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারায় লিভারপুল। আজ দ্বিতীয় সেমিফাইনালে কষ্টার্জিত জয় তুলে নেয় ব্লুজরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৫ মিনিটে লোফটাস-চিক ও ৭৬ মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে চেলসিকে জিতিয়েছেন।

 

চলতি মৌসুমে এফএ কাপই একমাত্র ভরসা হয়ে টিকে আছে চেলসির। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদের কাছে হার মানে চেলসি। কারাবাও কাপ ফাইনালে টাইব্রেকারে ২১ গোলের থ্রিলারে তারা হেরেছে লিভারপুলের কাছে। আর প্রিমিয়ার লিগেও ম্যানসিটি ও লিভারপুলের চেয়ে যথাক্রমে ১২ ও ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে লন্ডন জায়ান্টরা।

 

মালিকানা নিয়ে অনিশ্চয়তায় থাকা ক্লাবটি এফএ কাপ জিতে এ মৌসুমে উত্সবের খানিকটা উপলক্ষ্য নিয়ে আসতে পারে।

 

১৪ মে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনাল। বিবিসি