ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মারাত্মক প্রভাব পড়েছে খেলার মাঠে, আর খেলার অর্থনীতিতে। রাশিয়া জাতীয় দল ও রাশিয়ার সব ফুটবল ক্লাবকে সব ধরনের ফুটবলে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। পাশাপাশি ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের অন্যতম পৃষ্ঠপোষক রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় চুক্তি বাতিল করেছে। এ সিদ্ধান্তে কয়েক কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়বে উয়েফা।

উয়েফার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ক্লাবগুলোও ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। স্পার্টাক মস্কো এবারের উয়েফা ইউরোপা লিগে গ্রুপ পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে, যেখানে তাদের মুখোমুখি হওয়ার কথা জার্মান ক্লাব আরবি লাইপজিগের। যদিও লাইপজিগ এখন ‘ওয়াকওভার’ পাবে বলে ধারণা করা হচ্ছে। উয়েফার সিদ্ধান্ত মেনে নিয়েছে স্পার্টাক মস্কো, যদিও তারা বলেছে সিদ্ধান্তটি ‘অযৌক্তিক’।

রাশিয়াকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণের আগে প্রচণ্ড চাপের মুখে ছিল ফিফা ও উয়েফা। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি এরপর গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেয়। অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে গ্যাজপ্রম প্রতি মৌসুমে উয়েফাকে দেয় ৩ কোটি ৪০ লাখ পাউন্ড (৪ কোটি ইউরো)।

সোমবার এক ঘোষণায় উয়েফা জানায়, সব ধরনের প্রতিযোগিতায় গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি বাতিল করছে উয়েফা। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা নেশনস লিগ ও ইউরো ২০২৪-এর কোনোটির সঙ্গেই গ্যাজপ্রম থাকছে না।

এ ধাক্কা এবার কীভাবে সামাল দেবে উয়েফা? জানা গেছে, গ্যাজপ্রমের চুক্তি বাতিলের পর এই ক্ষতি কাটিয়ে উঠতে শিগগিরই নতুন কোনো পৃষ্ঠপোষক খুঁজে নেবে সংস্থাটি।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের পৃষ্ঠপোষক হিসেবে ২০১২ সাল থেকে যুক্ত আছে গ্যাজপ্রম আর ২০২০ সালের ইউরোয় অন্যতম সহযোগী ছিল তারা। পরে উয়েফার সঙ্গে চুক্তিটা ২০২৪ সাল পর্যন্ত বর্ধিত করেছে তারা।

এমনকি চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম অ্যারেনায়। যদিও যুদ্ধে জড়ানোর কারণে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেয়া হয় ফ্রান্সের প্যারিসে। গ্যাজপ্রমের বদলে ফাইনাল বসবে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে।

এদিকে, ২০০৭ সাল থেকে জার্মান ফুটবল ক্লাব শালকের পৃষ্ঠপোষক ছিল গ্যাজপ্রম। যদিও যুদ্ধ শুরুর পর ক্লাবটি তাদের জার্সি থেকে গ্যাজপ্রমের লোগো সরিয়ে নিয়েছে। এর আগে রাশিয়ান এয়ারলাইন অ্যারোফ্লটের সঙ্গে ৪ কোটি পাউন্ডের স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে চুক্তি বাতিলের পর অ্যাতলেটিকোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচ খেলতে ম্যানইউর খেলোয়াড়রা মাদ্রিদ যায় টাইটানস এয়ারলাইনসের বিমানে করে। সিটি এএম, ডেইলি মেইল।