নারী বিশ্বকাপ চলাকালীন সময় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পুলিশ প্রটোকল দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে নিউজিল্যান্ড পুলিশ।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জানান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিউজিল্যান্ড পুলিশের কাছে প্রটোকলের জন্য একটি আবেদন করেছিলেন। কিন্তু এটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির বিরুদ্ধে হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়।

নিউজিল্যান্ড পুলিশ সাধারণত রাষ্ট্রপ্রধান এবং কিছু বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের জন্য মোটরকেড ব্যবহার করে থাকে।

ইনফান্তিনো ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলো দেখার জন্য নিউজিল্যান্ডে ভ্রমণ করেছিলেন। তিনি নিউ ক্যালেডোনিয়া, তাহিতি, পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, টোঙ্গা, কুক দ্বীপপুঞ্জ, সামোয়া শহর ভ্রমণ করেন।