ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে দুই শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এ উত্তাপের ম্যাচ।
আর্সেনাল ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, ম্যানসিটি সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও লিভারপুল সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল। গতকাল রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় লিগ লিডার আর্সেনাল। এ ম্যাচ জিতে ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল গানারদের সামনে। আর্সেনাল জিতে থাকলে দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯-এ। সেক্ষেত্রে শিরোপার রেসে টিকে থাকতে আজকের ম্যাচটি সিটির জন্য আরো গুরুত্বপূর্ণ।
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ তিনবারের দেখায় লিভারপুল দুবার ও ম্যানসিটি একবার জিতেছে। সর্বশেষ মুখোমুখিতে জিতেছে সিটি। গত নভেম্বরে ঘরের মাঠে লিভারপুলকে ৩-০ গোলে হারানোর কৃতিত্ব দেখায় সিটিজেনরা। এর আগে ২০২৪-২৫ মৌসুমে শিরোপা জয়ের পথে ম্যানসিটিকে দুবার হারায় লিভারপুল। গত বছর ফেব্রুয়ারিতে সিটির মাঠে ২-০ গোলে ও তার আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম লেগেও তারা একই ব্যবধানে জয় তুলে নেয়।
নিজেদের সর্বশেষ ম্যাচে লিগ কাপে নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। তার আগে লিগ ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে পেপ গার্দিওলার দল। অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কারাবাগকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লিভারপুল।










