অস্ট্রেলিয়ার মাটিতে আজ শুরু হচ্ছে ছেলেদের টি২০ বিশ্বকাপ ২০২২। অস্ট্রেলিয়ার সাতটি শহরে অষ্টম টি২০ বিশ্বকাপ আসর চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটযজ্ঞের খেলা দেখতে এরই মধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকিট কিনেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টুর্নামেন্টে লড়াই করছে মোট ১৬টি দল। যার মধ্যে বাংলাদেশসহ আটটি দল সরাসরি সুপার টুয়েলভ পর্বে উত্তীর্ণ হয়েছে। এছাড়া আট দলের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে উঠবে আরো চারটি দল। ১২ দলের সুপার টুয়েলভ পর্ব শুরু হবে ২২ অক্টোবর। প্রথম রাউন্ড বাছাই পর্বের মতো হলেও এখানেও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার মতো জনপ্রিয় দল। তাই প্রথম রাউন্ডেও প্রচুর দর্শক সমাগত হবে। আর সব মিলিয়ে ১৬টি দলের টুর্নামেন্টে দর্শক চাহিদার শীর্ষে আছে উপমহাদেশের দুই শীর্ষ দল ভারত ও পাকিস্তান এবং স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট। গত মাসে টিকিট বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।
২৩ অক্টোবর ৯০ হাজার দর্শক ধারণক্ষম কিংবদন্তিতুল্য স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর আগের দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এ দুই প্রতিবেশী দেশের ম্যাচের টিকিটও এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে আইসিসি।
সাকিব আল হাসানের নেতৃত্বে এবার টি২০ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। টাইগারদের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। গত টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ রাউন্ডে কোনো ম্যাচ জিততে না পারা এবং এর পরও টি২০-তে খারাপ পারফর্ম করে চলেছে বাংলাদেশ। তবু বিশ্বকাপে লাল-সবুজ জার্সিধারীদের ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি। আইসিসি জানিয়েছে, টিকিট শেষ হয়ে যাওয়ার তালিকায় আছে বাংলাদেশের একটি ম্যাচও। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা। ম্যাচের সব টিকিট শেষ। সিডনিতে ২৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত, প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ড থেকে আসা একটি দল। ওইি ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে যায় গত মাসেই!
আজ বিশ্বকাপের প্রথম দিন প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে নামিবিয়া, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই দুটি ম্যাচের টিকিটও শেষের পথে বলে জানিয়েছিল আইসিসি।
টি২০ বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট টিকিট বিক্রিতে হুড়োহুড়ি পড়ে যাওয়ায় যারপরনাই খুশি। তিনি বলেন, দর্শকরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়াম ভর্তি ক্রিকেট দেখাটা দারুণ হবে।










