২০২৬ সালে চরম ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ ক্রিকেট দলের। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলংকার মাটিতে। এছাড়া চলতি বছর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান (ওয়ানডে ও টেস্টের জন্য দুবার), নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ক্রিকেট সিরিজের বাইরে ফুটবলে বাংলাদেশের জন্য ২০২৬ সালটি একটি উৎসবের বছর। এমনিতে ফিফা ফুটবল বিশ্বকাপের সময় এ দেশে রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপ আসর। আসরটি শুরু হলে বাংলাদেশের বাড়িতে বাড়িতে উড়বে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, জার্মানি, স্পেন কিংবা ফ্রান্সের পতাকা। ঐতিহাসিক এ আসরে প্রথমবারের মতো অংশ নেবে বিশ্বের ৪৮টি দেশ।

বিশ্বকাপের আগেই রয়েছে আরেক ফুটবল উৎসব। অস্ট্রেলিয়ায় ১ থেকে ২১ মার্চ বসছে এএফসি উইমেনস এশিয়া কাপ আসর। এবার এশিয়া কাপে চোখ থাকবে কোটি বাংলাদেশীরও। এই প্রথম বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপে খেলতে যাচ্ছে। অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ইরান, ভারত, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, উজবেকিস্তান ও ফিলিপাইনের সঙ্গে লড়বেন ঋতুপর্ণা, মনিকা, আফঈদারা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ সিডনিতে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

এরপর আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে ১২ দলের এএফসি অনূর্ধ্ব-২০ উইমেনস এশিয়া কাপ আসর। এ আসরেও খেলবে বাংলাদেশের মেয়েরা, যা লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের জন্য প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের সঙ্গে।

এর বাইরে ক্রিকেটেই বেশি বুঁদ হয়ে থাকবে বাংলাদেশ। ২০২৬ সালে হোম সিরিজ নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মার্চের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে তিনটি ওয়ানডে খেলে বিদায় নেবে দলটি। এরপর আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এপ্রিল ও মে মাসে। পাকিস্তান ক্রিকেট দল মে মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসবে দুটি টেস্ট ম্যাচ খেলতে। ৮ থেকে ২০ মের মধ্যে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর আসবে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয়রা। অক্টোবরের মাঝামাঝি সময়ে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।

এর বাইরে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলংকার মাঠে বসছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে। এছাড়া এ মাসেই জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হচ্ছে ১৬ দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ।

এর বাইরে রয়েছে অসংখ্য ক্রীড়া ইভেন্ট। মরক্কোয় চলছে ৩৫তম আফ্রিকান কাপ অব নেশনস, যার ফাইনাল ১৮ জানুয়ারি। এছাড়া চলতি বছর উল্লেখযোগ্য ক্রীড়া আসর হলো—১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন, ৬ থেকে ২২ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিক গেমস, ৬ থেকে ১৫ মার্চ শীতকালীন প্যারালিম্পিক গেমস, ২৪ মে থেকে ৭ জুন ফ্রেঞ্চ ওপেন, ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২৯ জুন থেকে ১২ জুলাই উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, ২৩ জুলাই থেকে ২ আগস্ট কমনওয়েলথ গেমস, ১৪ থেকে ৩০ আগস্ট ছেলে ও মেয়েদের হকি বিশ্বকাপ, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ইউএস ওপেন টেনিস।

এছাড়া আগামী ১ এপ্রিল এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল দল।

বাংলাদেশের আর মূল পর্বে ওঠার সম্ভাবনা নেই, তবু গৌরবের জন্য জিততে চাইবেন হামজা চৌধুরীরা। গত মাসে দেশের মাটিতে ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ দল। ‘সি’ গ্রুপে হংকং, বাংলাদেশ ও ভারতকে পেছনে ফেলে কোয়ালিফাই করেছে সিঙ্গাপুর।