উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগ শেষ। মার্চে দুই ধাপে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচগুলো। ৯ ও ১০ মার্চ হবে চারটি ম্যাচ এবং ১৬ ও ১৭ মার্চ হবে চারটি ম্যাচ। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই অ্যাওয়ে গোলের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী দুই লেগের খেলায় ১৮০ মিনিট শেষে যদি দুই দলের মোট গোল সমান হয়, সে ক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে। এতেও ফলাফল না পেলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে।
তাই অনুমেয়, দ্বিতীয় লেগের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চ ছড়াবে। ১৯৬৫ সাল থেকে শুরু হওয়া ‘অ্যাওয়ে গোল’
নিয়ম চলে অর্ধশতাব্দীর বেশি সময়। ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে গোল সমতায় ম্যাচ শেষ হওয়ার পর এ নিয়মের আবির্ভাব ঘটে। তার আগে পর্যন্ত কয়েন টস কিংবা নিরপেক্ষ মাঠে আরেকটি ম্যাচ খেলে ফল নির্ধারণ করা হতো।
এটা নিয়ে বহুবার প্রতিবাদ জানিয়েছেন আর্সেন ওয়েঙ্গার, উনাই এমেরি, মাসিমিলানো অ্যালেগ্রি, কার্লো আনচেলত্তি, হুয়ান লোপেতেগি, দিয়েগো সিমিওনে ও টমাস টুখেলরা। বিবিসি










