ফুটবল
ইভেন্ট দিয়ে ২৪ জুলাই শুরু হলো প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শুরুতেই বিশৃঙ্খলা।
দুইবারের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো। যদিও এই ম্যাচের
ফল এসেছে দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে। যেভাবে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে তাকে
‘লজ্জা’ ও ‘সার্কাস’ বলে অভিহিত করলেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশচেরানো।
নির্ধারিত
৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আফ্রিকান মরক্কো। এরপর যোগ করা সময়ের ১৬তম মিনিটে
আর্জেন্টিনার ক্রিস্টিয়ান মেদিনা হেডে গোল করে ২-২-এ সমতা আনেন। তখন দর্শকরা মাঠে খেলোয়াড়দের
লক্ষ্য থেকে বোতল ছুড়ে মারতে থাকেন এবং কিছু দর্শক তো মাঠেই ঢুকে পড়েন। এতে খেলা বন্ধ
করে দেয়া হয়।
দুই
ঘণ্টা পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে আর্জেন্টিনার ওই গোলটি বাতিল করা
হয় এবং দর্শকহীন মাঠে শেষ তিন মিনিটের খেলা মাঠে গড়ায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায়
মরক্কো।
বাংলাদেশ
সময় রাত ৯টা ৫ মিনিটে খেলা বন্ধ করে দেয়া হয়। এরপর দর্শকরা সেন্ট এতিয়েনের জিওফ্রে-গুইচা
স্টেডিয়াম ছেড়ে গেলে পুনরায় খেলা মাঠে গড়ায়। ম্যাচ পুনরায় শুরুর কিছুক্ষণ আগেই আর্জেন্টিনার
গোলটি বাতিল করা হয়।
ম্যাচ
শেষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মাশচেরানো। তিনি বলেন, ‘আমি
তো দীর্ঘ সময় ধরে কোচ ছিলাম না, তবে খেলোয়াড়ী জীবনে আমি কখনো এমনটি দেখিনি। এটা তো
রীতিমতো সার্কাস। কিন্তু এটা এমনই যার ওপর আমাদের কোনো হাত নেই। আমি শুধু ছেলেদের বলেছি,
সামনে এগিয়ে যেতে হবে এবং কোয়ালিফাই করতে হলে পরের দুটি ম্যাচ থেকে আমাদের ছয় পয়েন্ট
তুলে নিতে হবে।’
ম্যাচের
ফল এক সময় অস্পষ্ট ছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইটে ম্যাচটি ‘সমাপ্ত’ দেখাচ্ছিল।
মাশচেরানো জানান, দুই অধিনায়কও একটি পর্যায়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও
ফিফা ম্যাচটি পুনরায় শুরুর সিদ্ধান্ত দেয়। মাশচেরানো এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে
বলেন, ‘এটা খুবই লজ্জার যে এমনটি ঘটল এবং এতে টুর্নামেন্টেই কলঙ্ক লাগল। অন্য কোনো
টুর্নামেন্ট হলে এমনটি ঘটতো না। এটা খুবই দুঃখজনক।’
২৭
জুলাই ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা, ওইদিন মরক্কো খেলবে ইউক্রেনের বিপক্ষে। বুধবার
রাতের ম্যাচে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে ইরাক।
বুধবার
প্রথম দিন ফ্রান্স ৩-০ গোলে যুক্তরাষ্ট্রকে, নিউজিল্যান্ড ২-১ গোলে গিনিকে, স্পেন ২-১
গোলে উজবেকিস্তানকে, জাপান ৫-০ গোলে প্যারাগুয়েকে হারায়।
ছেলেদের
ফুটবলে আর্জেন্টিনা, ডমিনিকান রিপাবলিক, মিসর, ফ্রান্স, গিনি, ইরাক, ইসরায়েল, জাপান,
মালি, মরক্কো, নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, স্পেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান
এবারের অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে। মেয়েদের এককে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, স্পেন,
যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া।
প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে
১০ হাজার ৭১৪ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করবেন।










