সিলেটে শুরু হলো অষ্টম নারী এশিয়া কাপ ক্রিকেট টি২০। আজ শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে থাইল্যান্ড।
টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
দিনের দ্বিতীয় ম্যাচে আজ দুপুরে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেন সালমারা।
সাত দল ও ১৫ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ২৪টি। লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ১১ অক্টোবর লিগ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ১৩ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৫ অক্টোবর।
এবার স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।










