বিকেএসপিকে আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে
পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৩০৬ রানের বিশাল টার্গেট দেয় প্রাইম ব্যাংক
ক্রিকেট ক্লাব। ইমন ১১৪ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন। এছাড়া জাকির হাসান
করেন ৭৭ বলে ৭৯ রান। অধিনায়ক তামিম ইকবাল করেন মাত্র ৬ রান। কিন্তু তামিমদের বিশাল
সংগ্রহকে কাঁপিয়ে দিয়েছিল সিটি ক্লাব। শেষ পর্যন্ত লড়ে দলটি মাত্র ৩ রানে হার মানে।
অধিনায়ক সাজ্জাদ হক রিপন ৩৭ বলে ৭৬, শাহরিয়ার কমল ৮৪ বলে
৬৬ ও জয়রাজ শেখ ৭৮ বলে ৫৫ রান করে সিটিকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। যদিও তারা অল্প
ব্যবধানে হার মানে।
প্রাইম ব্যাংকের ইমন এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি
করলেন। গত বৃহস্পতিবার বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিনি খেলেন ১২৯ বলে ১৫১
রানের রাজসিক ইনিংস। আজ সিটি ক্লাবের বিপক্ষেও পেলেন তিন অঙ্কের নাগাল।
আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী
লিমিটেড। এই ম্যাচে মাত্র ৫ রান করেছেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়া লিটন
কুমার দাস। বাদ পড়ার পর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই পরদিন বিকেএসপিতে খেলতে নামলেন।
যদিও ব্যাট তার হাসেনি। ১৯ বল খেলে করেছেন ৫ রান।
লিটন না পারলেও আবাহনীর জিততে অসুবিধা হয়নি। আফিফ হোসেন
ও খালেদ আহেমেদ উভয়ই ৩ উইকেট নিয়ে শাইনপুকুরকে ১৬৯ রানে অলআউট করে দেন। পরে মোহাম্মদ
নাঈম শেখ (৬৬), মাহমুদুল হাসান জয় (৫১*) ও আফিফের (২৫*) ব্যাটে ভর করে সহজ জয় পায় আবাহনী।
৩৪.১ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
আজ ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নকে ২৫৭ রানের টার্গেট দিয়ে
১২১ রানের জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭
বলে ১০১ ও ফজলে রাব্বী ১০০ বলে ৭৪ রান করে দলকে আড়াইশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। পরে রিপন
মন্ডল (৪/৪৪) ও শফিকুল ইসলামের (৪/১২) দুরন্ত বোলিংয়ের মুখে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে
যায় ব্রাদার্স।










