আগের দুই বিশ্বকাপে ১৫ ম্যাচ খেলে মাত্র একটি জয় পায় আফগানিস্তান। সেই দলটি ভারতে চলমান আসরে সাত ম্যাচেই পেল চার চারটি জয়! আজ লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টেবিলের পাঁচে উঠে গেছে আফগানরা।

রশিদ খান, মোহাম্মদ নবিরা পয়েন্টে ধরে ফেলেছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। যদিও প্রথম দিকের খারাপ ফল আফগানদের নিট রানরেট দুর্বল করে দেয়। ফলে সমান পয়েন্ট নিয়েও তারা অজি ও কিউইদের চেয়ে পিছিয়ে রয়েছে।

আগে ব্যাটিং করতে নেমে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বল ঘুরিয়ে নবি ২৮ রানে তিনটি ও নূর আহমাদ ৩১ রানে দুটি উইকেট নেন। ডাচদের চারজনকেই রানআউট করেন আফগানরা! দলটির পক্ষে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ম্যাক্স ও’ডাউর ৪২ ও কলিন অ্যাকারম্যান ২৯ রান করেন। রান তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারালেও শেষ পর্যন্ত সহজ জয় পায় আফগানিস্তান। রহমত শাহ (৫২), হাশমতউল্লাহ শহিদি (৪৭*) ও আজমতুল্লাহ ওমরজাইয়ের (২১*) ব্যাটে ভর করে ১১১ বল হাতে রেখে জয় পায় আফগানিস্তান।

চলতি ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। তারা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়েছে। অন্যদিকে, নেদারল্যান্ডসও দক্ষিণ আফ্রিকার মতো তারকাখচিত দলকে হারায়। এরপর তারা বাংলাদেশকেও হারের স্বাদ দেয়। আফগানিস্তান তিনটি ও নেদারল্যান্ডস দুটি জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে। আজ অবশ্য ডাচ ম্যাজিক থামিয়ে দিল আফগানরা।

এর আগে ওয়ানডেতে নয়বারের মোকাবেলায় আফগানিস্তান সাতটিতে ও নেদারল্যান্ডস দুটিতে জিতেছে। বিশ্বকাপে আজ প্রথম দেখায় জিতল আফগানরা।