ঈদুল আজহার পর আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের দলে ডাক পেলেন ব্যাটার নাঈম শেখ। এবার ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে ওয়ানডে দলে জায়গা করে নিলেন বামহাতি এ ব্যাটার। এছাড়া দলে ফিরেছেন আফিফ হোসেন। ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বিশ্রামে থাকা পেস বোলার তাসকিন আহমেদও ফিরেছেন দলে। তিনি সদ্য সমাপ্ত ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে নিয়েছেন ৪ উইকেট। 

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ব্যাটার ইয়াসির আলি চৌধুরী। এছাড়া বাদ পড়েছেন ব্যাটার রনি তালুকদার ও পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী।

নাঈম ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিলেন। প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন তিনি। স্ট্রাইক রেট ৯১.৬৪!

আফগান ক্রিকেট দল এখন ঢাকা থেকে ভারতে চলে যাবে। বাংলাদেশে ফিরে আসবে ঈদুল আজহার ছুটির পর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই সিরিজের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। এরপর সিলেটে রয়েছে দুই ম্যাচের টি২০ সিরিজ। 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।