‘স্বপ্নের ক্লাব’ রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমেই যোগ দিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। নতুন অধ্যায়টি তার শুরু হলো শিরোপা উদযাপনের মধ্য দিয়ে। এমনকি অভিষেকেই গোল করেছেন বিশ্বকাপজয়ী এই ফরওয়ার্ড।

 

পোল্যান্ডের ওয়ারশতে বুধবার রাতে উয়েফা সুপার কাপে ইতালির আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে এক গোল করেছেন এমবাপ্পে, আরেক গোল করেছেন ফেদে ভালভার্দে। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ভালভার্দে গোল করলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ৬৮ মিনিটে এমবাপ্পে ব্যবধান ২-০ করে দেন। জুড বেলিংহামের পাস থেকে গোলটি করেন তিনি।

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ও উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমের শুরুতে মুখোমুখি হয় সুপার কাপে। এই ট্রফিটি জিতে শুভসূচনা করল রেকর্ড ১৫ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের যাত্রাও হলো শিরোপায়।

 

এটা রিয়াল মাদ্রিদের ষষ্ঠ সুপার কাপ শিরোপা। আর এমবাপ্পের এটাই প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা!

 

জয় শেষে স্প্যানিশ ভাষায় এমবাপ্পে বলেছেন, ‘দারুণ এক রাত, যার জন্য আমি দীর্ঘসময় অপেক্ষা করেছি। এই জার্সি, এই ব্যাজ ও এই সমর্থকদের সামনে খেলাটা আমার জন্য একটি উপহার।’

 

তিনি আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদে প্রত্যাশার কোনো সীমা নেই। আমরা যদি ৫০ গোল করতে পারি, তবে সেটিই করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয় ও একটি দল হিসেবে উন্নতির ধারায় থাকা। কারণ, আমরা একটি দল হিসেবে জিততে চাই।’