নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
আজ আইপিএল ম্যাচে থ্রিলার লিখল কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিকদের ছুড়ে দেয়া ২০৫
রানের বিশাল টার্গেট তাড়া করে কলকাতা যেভাবে জিতল তা রীতিমতো অকল্পনীয়। শেষ ওভারে
২৯ রানের প্রয়োজন ছিল। রিংকু সিং টানা পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে উৎসবে মাতিয়েছেন
কলকাতার সমর্থকদের।
এর আগে বিজয় শঙ্কর (২৪ বলে
৬৩), সাই সুদর্শন (৩৮ বলে ৫৩) ও শুভমান গিলের (৩১ বলে ৩৯) ব্যাটে ভর করে ৪ উইকেটে
২০৪ রান তোলে গুজরাট। বড় টার্গেট তাড়া করতে নেমে কলকাতা ২৮ রানের মধ্যে দুই উইকেট
হারিয়ে চাপে পড়লেও তৃতীয় উইকেটে অধিনায়ক নিতিশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার দৃঢ়তা দেখিয়ে
দলকে ম্যাচে ফেরান। দুজন ৫৫ বল খেলে বোর্ডে ঠিক ১০০ রান যোগ করেন।
২৯ বলে ৪৫ রান করেন আলজারি
জোসেফের বলে নিতিশ রানা আউট হয়ে যান। এরপর রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ হেলে পড়ে
গুজরাটের দিকে। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন ও শারদুল ঠাকুরকে একই ওভারে সাজঘরে
ফেরান রশিদ। শেষ দুই ওভারে কলকাতার প্রয়োজন পড়ে ৪৩ রান। রিংকুর সঙ্গী বোলার উমেশ
যাদব। কিন্তু অসম্ভবকে সম্ভব করে ছাড়লেন রিংকু। যশ দয়ালের করা শেষ ওভারে রীতিমতো
টর্নেডো বইয়ে দিয়ে তিনি জেতান কেকেআরকে। ২১ বলে একটি চার ও ছয়টি ছক্কায় ৪৮ রানে
অপরাজিত থাকেন তিনি। অষ্টম উইকেট জুটিতে ২১ বরে ৫২ রান যোগ করেন রিংকু ও যাদব।
তিন ম্যাচে দুটি জয় তুলে
নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল কলকাতা। বাংলাদেশের তারকা লিটন দাস আজ
কলকাতা রওনা হয়েছেন। ১৪ এপ্রিল কলকাতার পরের ম্যাচেই হয়তো তাকে মাঠে দেখা যাবে।










