প্রথমবারের মতো কোনো ফিফা গ্লোবাল ফ্যান অ্যাম্বাসেডর (বৈশ্বিক সমর্থক দূত) নিয়োগ করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গভর্নিং বডি ফিফা। তিনি ব্রাজিলের সুপার মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী, বৈশ্বিক ফ্যাশন আইকন ও সর্বকালের অন্যতম সফল মডেল আদ্রিয়ানা লিমা। সম্প্রতি তাকে নিয়োগের ঘোষণা দেয় ফিফা। 

আদ্রিয়ানা লিমাকে নিয়োগের ঘোষণায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘‌যখন আপনি আদ্রিয়ানার সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন দেখবেন তিনি কতটা উষ্ণতা, মহানুভবতা দেখান আপনার প্রতি এবং তিনি আমাদের খেলাটিকে কতটা ভালোবাসেন, সেটিও দেখবেন। ফুটবলের প্রতি প্রচণ্ড আবেগ ও ভালোবাসার কারণেই ফিফা ও বিশ্বব্যাপী সমর্থকদের মধ্যে যোগসূত্র তৈরিতে সমর্থ হবেন বলে আশা করি।’

ফিফা গ্লোবাল ফ্যান অ্যাম্বাসেডরের ভূমিকায় আদ্রিয়ানা লিমা বিশ্বব্যাপী সমর্থকদের নিয়ে ফিফার বেশকিছু বৈশ্বিক অনুষ্ঠানের পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবেন এবং সমর্থকদের সঙ্গে ফিফার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। 

গত ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন আদ্রিয়ানা লিমা। ইনস্টাগ্রামে ১ কোটি ৫০ লাখেরও বেশি অনুসারী রয়েছে ৩২ বছর বয়সী লিমার। 

এপি ও গার্ডিয়ান।