বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১’-এর চূড়ান্ত পর্বে ছেলেদের বিভাগে মৌলভীবাজার জেলা ও নারী বিভাগে ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে।


ঐতিহাসিক পল্টন ময়দানে আজ ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। শিরোপা ধরে রেখেছে মৌলভীবাজার। ২০১৮ সালে সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।


নারীদের ফাইনালে হট ফেভারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে ঝিনাইদহ জেলা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুন্য দেখায় ঝিনাইদহ। শেষ পর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি।  প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল জেলা। সে হারের বদলা নিয়ে শিরোপা উল্লাস করল ঝিনাইদহের মেয়েরা।


ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় চট্টগ্রামের ওজুয়ান মারমা। আর নারী বিভাগের সেরা আঞ্জুমান আরা রাত্রি।