ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ আসন্ন। ১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এই সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ সোমবার সবার চোখ ছিল সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দিকে। সাকিব যুক্তরাষ্ট্র থেকে সকালে দেশে ফিরে দুপুরে অনুশীলনে যোগ দেন, আর মিরাজকে ২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের বিশেষ ক্যাপ পরিয়ে দেন লংকান স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

 

এই কদিন ক্রিকেটাঙ্গন সরগরম ছিল সাকিব ও তামিম ইকবালের বিরোধ ইস্যুতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই একটি ক্রিকেট ওয়েবসাইটকে এমন তথ্য দিয়ে বোমা ফাটান। তাই আজ সাকিব অনুশীলনে ফিরলে সবার চোখ ছিল তার ওপর। তবে তিনি স্বাভাবিকভাবেই নিজের কাজে মন দেন এবং আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পাওয়ায় মিরাজকে অভিনন্দন জানান।

 

প্রথমে ফুটবল খেলে গা গরম করার পর ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। তিনি পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন। সেখানে এক ম্যাচ খেলে পরের ম্যাচে বাদ পড়েন। এরপর যুক্তরাষ্ট্রে চলে যান পরিবারের কাছে। আজ সোমবার সকালে দেশে ফেরেন। তবে সিরিজ আসন্ন হওয়ায় সময় নষ্ট না করেই অনুশীলনে যোগ দেন বাংলাদেশ টেস্ট ও টি২০ দলনায়ক।


 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমান তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল।