মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে দ্বিতীয় দিন
শেষে সফরকারী আয়ারল্যান্ডকে কোনঠাসা করে ফেললেও তৃতীয় দিন ব্যাকফুটে চলে গিয়েছে
বাংলাদেশ। ১২৮ রানে পিছিয়ে থেকে আজ বৃহস্পতিবার ব্যাটিংয়ে নামা আইরিশরা লরকান
টাকারের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে লিড নিতে সমর্থ হয়। ছয় উইকেটে ১৯৯ রান নিয়ে চা
বিরতিতে যায় সফরকারীরা। ফেরার পরও দুর্বার তারা।
এ প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ছিল ছয় উইকেটে ২২৯ রান।
টাকার ১০৭ ও অ্যান্ডি ম্যাকব্রাইন রানে ৩৯ রানে ব্যাট করছিলেন। বলাই বাহুল্য,
অভিষিক্ত টাকারের এটা প্রথম টেস্ট সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথম।
চার উইকেটে ২৭ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নামে আইরিশরা। দলীয়
৫১ রানের সময় সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার পিটার মুরকে (১৬) ফেরান শরিফুল ইসলাম।
এরপর হ্যারি টেক্টরের সঙ্গে মিলে বাংলাদেশকে ভোগাতে থাকেন লরকান টাকার। এ জুটি
বিচ্ছিন্ন হওয়ার আগে ১৪৫ বল খেলে বোর্ডে যোগ করেন ৭২ রান। প্রথম ইনিংসে ফিফটি করা
টেক্টরকে আজ লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম (১২৩/৬)।
এরপর বল হাতে ছয় উইকেট শিকার করা অ্যান্ডি ম্যাকব্রাইনও ব্যাটার
হয়ে ওঠেন। তাকে নিয়ে বোর্ডে ৭৬ রান তুলে চা বিরতিতে যান টাকার।
আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট করার পর
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তুলেছে। মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬ রান করেন।
এছাড়া সাকিব আল হাসান ৮৭, মেহেদী হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন। ম্যাকব্রাইন
১১৮ রানে ছয়টি ও মার্ক অ্যাডায়ার ৬৪ রানে দুটি উইকেট নেন।










