স্বাগতিক শ্রীলংকাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল বাংলাদেশ। গতকাল ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৭৮ রানের টার্গেট ছুড়ে দিয়ে ৯৪ রানে অলআউট করে লিটন দাসের দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে টাইগাররা। অথচ শুরুটা ছিল বিভীষিকাময়। প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে হারায় অতিথিরা। আগের ম্যাচে ২২ বলে ৩৮ রান করা ইমন বোল্ড হয়ে যান নুয়ান তুষারার বলে, আর বিনুরা ফার্নান্দোর বলে তানজিদ ডিপ স্লিপে ক্যাচ দেন পেরেরাকে। শুরুর এ বিপর্যয় সামাল দিয়ে ৮.২ ওভারে ৫০ রান তুলে নেয় বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয় টানেন দলকে।
বিনুরা ফার্নান্দোর করা ১২তম ওভারের প্রথম বলে কুশল পেরেরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হৃদয় (২৫ বলে ৩১ রান)। এর মধ্য দিয়ে লিটনের সঙ্গে তার ৫৫ বলে ৬৯ রানের জুটিটাও ভেঙে যায়। বাংলাদেশের স্কোর ছিল ৭৬/৩।
একই ওভারে বিনুরার বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে নুয়ান তুষারাকে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ। ২ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি (৭৮/৪)। চতুর্থ উইকেট পতনের পর ৩৯ বলে ৭৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন লিটন ও শামীম হোসেন। লিটন ৫০ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৬ রানে করে স্পিনার মহীশ থিকসানার শিকার হন। এরপর জাকের আলীকে নিয়ে ৮ বলে ১৬ রান যোগ করে দলের সংগ্রহটা ভদ্রস্থ করেন শামীম হোসেন। ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে রানআউটের শিকার হন জাকের আলী ও শামীম। এতে রানে গতি কমে যায়। যদিও শেষ দুই বলে ছয় তুলে নিয়ে দলকে ১৭৭ রান এনে দেন সাইফউদ্দিন।
বোর্ডে ভালো পুঁজি পেয়ে পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে বাংলাদেশকে স্মরণীয় এক জয় এনে দেন বোলাররা। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ের সময় পয়েন্ট থেকে সরাসরি থ্রোতে ডেঞ্জারম্যান কুশল মেন্ডিসকে রানআউট করে দেন শামীম। সেই শুরু। পরের ওভারে শরিফুল ইসলামের ভাসিয়ে দেয়া বলে বাউন্ডারি মারতে গিয়ে পয়েন্টে রিশাদ হোসেনকে ক্যাচ দেন কুশল পেরেরা।
দ্রুতই দুই কুশলকে হারিয়ে মেরুদণ্ডই যেন ভেঙে যায় লংকান ব্যাটিংয়ের। পরে তাদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। শরিফুল (২/১২), সাইফউদ্দিন (২/২১) ছাড়াও রিশাদ হোসেন (৩/১৮) নিয়মিত ব্যবধানে উইকেট নিয়েছেন। এ উৎসবে যোগ দেন মিরাজ (১/২৬) ও মুস্তাফিজুর রহমানও (১/১৪)।
৫০ বলে ৭৬ রান করার পর উইকেটের পেছনে দাঁড়িয়ে দুটি ক্যাচ নেন লিটন দাস, সঙ্গে স্টাম্পিংও করেন দুটি। দুর্দান্ত এ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ দলনায়কই গতকালের ম্যাচসেরা খেলোয়াড়।
বুধবার কলম্বোয় তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজের মীমাংসা হবে। এর আগে ১-০তে টেস্ট সিরিজ ও ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, তাওহীদ ৩১; বিনুরা ৩/৩১)। শ্রীলংকা: ১৫.২ ওভারে ৯৪/১০ (পাথুম ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮)। ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: লিটন দাস (বাংলাদেশ)। সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা।










