বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ কোর্সে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘নবম ডক্টর ফজলুল হক কলোরেকটাল হসপিটাল লিমিটেড (ডিএফসিএইচ) ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ ও ‘প্রথম আন্তঃক্লাব প্রফেশনাল গলফ টুর্নামেন্ট ২০২৫’। প্রফেশনাল গলফে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব এবং ফেডারেশন কাপে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাব।
নারী গলফে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব (টিম বি)। রানার্সআপ হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম এ) ও তৃতীয় হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ)। চ্যাম্পিয়ন কুর্মিটোলা গলফ ক্লাবের ‘বি’ দলের হয়ে খেলেছেন জিন সুক উন ও জাইমা বিনতে হোসাইন। তাদের মোট স্কোর ১৫১।
জুনিয়র বিভাগে শিরোপা জিতেছে আর্মি গলফ ক্লাব। রানার্সআপ হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ), তৃতীয় হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম বি)। জুনিয়রে চ্যাম্পিয়ন আর্মি গলফ ক্লাবের হয়ে খেলেছেন মাস্টার সৈয়দ মাহদী মহাবীর ও মাস্টার ইহান ইউসুফ। তাদের মোট স্কোর ১৩৮।
জুনিয়র গলফারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন (গ্রস) হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের এসএম সামীর হোসাইন। তিনি পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন। জয়ের পর সামীর বলেন, ‘আমি নিজের সেরাটা দিতে পারিনি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। বেশ কয়েকটা বগি করতে হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে আমি আরো ভালো করতে পারতাম। তার পরও এমন দিনে পারের চেয়ে মাত্র ৩ ওভার খেলতে পারাটাও অনেক ভালো। ফলাফলে আমি বেশ খুশি।’
বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন করে অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পর এটি প্রথম টুর্নামেন্ট। সারা দেশের ১৭টি গলফ ক্লাবের ১৩৩ জন প্রতিযোগী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম আন্তঃক্লাব প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ৪০ জন প্রফেশনাল গলফার।
গত বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল মো. শাহীনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক ও বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বাংলাদেশের গলফ সুপারস্টার সিদ্দিকুর রহমান ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফেডারেশনের এ উদ্যোগ খুবই ভালো লেগেছে। এমন টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ গলফে নতুন তারকার আবির্ভাব হবে। নিয়মিত এমন আয়োজন হওয়া উচিত। গলফ ফেডারেশনের এমন আয়োজনকে আমি মন থেকে সাধুবাদ জানাই। ফেডারেশনের এমন উদ্যোগের মধ্য দিয়ে গলফে একটা নব জাগরণের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।’










