আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংঝু শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘এশিয়ান গেমস ২০২২’। কিন্তু কভিড-১৯ মহামারীর কারণে আগামী বছর পর্যন্ত এবারের এশিয়ান গেমস স্থগিত করেছে এশিয়ান অলিম্পিক কাউন্সিল। খবর সাউথ চীনা মর্নিং পোস্ট।
আজ শুক্রবার ওসিএ এক বিবৃতিতে বলেছে, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ঘোষণা করছে যে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের
হ্যাংঝু শহরে নির্ধারিত এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। শুক্রবার তাসখন্দে ওসিএ
নির্বাহী বোর্ডের সভায় গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিযোগিতার জন্য
নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থগিত করার সিদ্ধান্তটি কভিড পরিস্থিতি এবং
গেমসের আকার বিবেচনা করে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে।
মাল্টি-স্পোর্টস
গেমসের ১৯তম আসরটির জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছিল। কভিড পরীক্ষারও ব্যবস্থা করা
হয়। ৪৪টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের অংশগ্রহণের কথা ছিল এবারের আসরে।
কিন্তু দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই এক মাস ধরে কভিডের সংক্রমণের কারণে অবরুদ্ধ। এছাড়া বেইজিংয়েও চলাফেরা সীমিত হতে পারে।










