গত শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের
বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে ও ম্যাচ শেষে মোট দুবার আচরণবিধি ভঙ্গ করায়
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে
আইসিসি।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ সিরিজের
তৃতীয় ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটান হারমানপ্রিত। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি টাই করে
ভারত। ওই ম্যাচে ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে স্পিনার নাহিদা আক্তারের বলে আম্পায়ার
তানভির হায়দার আউট দিলে হারমানপ্রিত রেগে গিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙেন। এরপর
মাঠ ছাড়ার সময় আম্পায়ারকে চোখ রাঙানি দেন।
ম্যাচ শেষে আরেক দফায় তিনি আচরণবিধি
ভাঙেন। এবার ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের কাছে অনুভুতি
প্রকাশ করতে গিয়ে ‘দুর্বল’ আম্পায়ারিং হয়েছে বলে সমালোচনা করেন। এরপর ট্রফি নিয়ে
দুই দলের ফটোসেশনের সময় তিনি বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানাকে অপমানজনকভাবে বলেন,
আম্পায়ারদেরও ডাকো, তারাই তো টাই করতে সাহায্য করেছে, একসঙ্গে ছবি তুলি।
এ ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ছাড়াও লেভেল-টু
অপরাধ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুণতে হবে হারমানপ্রিতকে। সেসঙ্গে তার নামের
সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ
করে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির আর্টিকেল ২.৮ ভঙ্গ করার অভিযোগ প্রমাণিত হয়েছে
হারমানপ্রিতের বিরুদ্ধে। এছাড়া ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকাশ্যে
আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ভারতীয় অধিনায়ক তার অপরাধ স্বীকার করে
নেয়ার পর শাস্তির ঘোষণা দেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজ
আখতার আহমেদ। এ কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়ছে না। শাস্তি এখন থেকেই
কার্যকর হবে।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় চীনের হাংঝুতে
অনুষ্ঠেয় আসন্ন এশিয়ান গেমসের ক্রিকেটে প্রথম দুই ম্যাচ খেলা হবে না তার। এশিয়ান
গেমসে নারী ও পুরুষ উভয় দল পাঠাবে ভারত, খেলা হবে টি২০ ফরম্যাটে।










