বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল-২০২২) ১৫তম আসর শুরু হচ্ছে আগামীকাল শনিবার। দশ দলের এই আসরে কাল বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও দুইবারের সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

 

সর্বোচ্চ ১০টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। নতুন দল হিসেবে এবার আইপিএলে যুক্ত হয়েছে লখনৌ সুপারজায়ান্ট ও গুজরাট টাইটানস। দল বাড়ায় ম্যাচের সংখ্যাও বেড়েছে। আগের ১৪ আসরের চেয়ে এবারের রাউন্ড রবিন পর্বের ধরণও ভিন্ন। ১০টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে (‘এ’ ও ‘বি’)। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। রাউন্ড রবিন লিগে প্রত্যেকটি দল মোট খেলবে ১৪টি ম্যাচ। নিজ নিজ গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হয়ে খেলবে আটটি ম্যাচ। অপর গ্রুপের চারটি দলের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। দুটি করে ম্যাচ খেলবে গ্রুপে সমান্তরাল দলের বিপক্ষে।

 

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার নেতৃত্বভার হস্তান্তর করেছেন ভারত জাতীয় দলের চৌকস অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাতে। ৪০ বছর বয়সী ধোনির অধীনে আইপিএলের সর্বোচ্চ ৯ বার ফাইনাল খেলেছে চেন্নাই। দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার শিরোপাও ঘরে তুলেছে দলটি। এবারো দলটি শিরোপাপ্রত্যাশী। তবে বয়সের সঙ্গে ধোনির ফ্র্যাঞ্চাইজি লিগের ক্যারিয়ারও যে শেষ পর্যায়ে, তা অনুমেয়। তাই তিনি নেতৃত্ব ছেড়ে দিলেন।

 

গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। দুই দিনের নিলামে ২০৪ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় ক্রয়। খেলোয়াড় কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ হয়েছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি। আইপিএলে এর আগের কোনো আসরে খেলোয়াড় কিনতে এত অর্থ ব্যয় হয়নি।

 

এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে খেলবেন পেস বোলার মুস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় শেষে তিনি আইপিএল খেলতে ভারতে পৌঁছে গেছেন। তবে রোববার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দিল্লির প্রথম ম্যাচেই মুস্তাফিজ খেলবেন কিনা, তা নিশ্চিত নয়।

 

এবারের আইপিএল নিলামে থাকলেও অপ্রত্যাশিতভাবেই কোনো দল পাননি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এছাড়া সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে লখনৌ দলে খেলার প্রস্তাব পান পেস বোলার তাসকিন আহমেদ। যদিও জাতীয় দলের প্রতি অঙ্গীকার পূরণে তিনি আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন।