আগামী ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের আসরে প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে। শর্ত অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড দলে ভিড়িয়েছে ভারতীয় ব্যাটার হনুমা বিহারি ও আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরানকে। এছাড়া সাকিব, মুশফিক, রিয়াদের মোহামেডান স্পোর্টিং ক্লাব সতীর্থ হিসেবে পাচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে।

 

হনুমা ও জাদরানের চুক্তি প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার মাসুম ইকবাল গণমাধ্যমকে বলেন, আমরা হনুমা-জাদরানের সঙ্গে কথা পাকাপাকি করেছি। তারা এবার খেলবে আমাদের দলে। জাদরানকে শুরু থেকেই পাব। তবে হনুমার খেলা নির্ভর করছে তার ‘ফ্রি’ থাকার ওপর। তবে ঢাকায় খেলবে আমাদের এখানেই খেলবে।

 

এদিকে হাফিজের মোহামেডানে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সারওয়ার ইমরান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের এই তারকাকে শুরু থেকেই পাবে ক্লাবটি।

 

২০২০ সালের ডিপিএলে বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম তুলে নিয়েছিল। ওইবার করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। ২০২১ সালের টি২০ সংস্করণেও ছিল না কোনো বিদেশি। এবার সেই সুযোগ থাকছে দলগুলোর সামনে।

 

গত ২ ও ৩ মার্চ স্থানীয়দের নিয়ে দলবদল সম্পন্ন করেছে ক্লাবগুলো।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ থাকছে এবারের ভেন্যু হিসেবে। বিকল্প হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকেও রেখেছে সিসিডিএম।