সর্বশেষ ১১ টেস্টের মধ্যে দশটিতে জিতে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইংল্যান্ড। বেন স্টোকসের দল টানা জিতেছে ছয় ম্যাচ। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় টানা সপ্তম জয়ের খোঁজে তারা নামছে ওয়েলিংটন টেস্টে। এই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই নামছে অতিথিরা।

 

মাউন্ট মঙ্গানুই টেস্টে ২৬৭ রানের জয়ের পর তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসনের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা ইংলিশ শিবিরে। এ নিয়ে অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘‌আমরা আমাদের বোলারদের সঙ্গে কথা বলেছি যারা গত ম্যাচ খেলেছে, তারা বেশ ভালো আছে বলেই জানালেন।’

 

এই তিন পেসারই বুধবার ওয়েলিংটনে নেটে বোলিং করেন। যদিও বৃহস্পতিবারের ঐচ্ছিক অনুশীলন করেননি তারা। খারাপ আবহাওয়ার কারণে এই অনুশীলনটা ইনডোরে হয়েছে।

 

স্টোকস বলেছেন, তিনজনকেই তিনি ফিটনেসটা পরখ করে দিতে মোবাইলে ক্ষুদে বার্তা দিয়েছেন। তিনি জানান, বেসিন রিজার্ভের সবুজ উইকেট দেখে তিন বোলারই খেলতে মরিয়া।

 

৪০ বছর বয়সী অ্যান্ডারসন ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ উইকেট শিকারি বোলার এবং মাউন্ট মঙ্গানুই টেস্টের পারফরম্যান্স দিয়ে তিনি টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে গেছেন। তাকে নিয়ে স্টোকস বলেন, ‘‌আমি তো তার থামার লক্ষণ দেখছি না। সে যা করতে চায় তা নিয়ে অবিচল থাকে। তাকে পেয়ে আমরা খুবই ভাগ্যবান। সে সঠিক সময়ে ফর্মের চূড়ায় পৌঁছেছে।’

 

তার সঙ্গে আরেকবার জুটি বাধবেন ৩৬ বছর বয়সী ব্রড। এ দুজন আজ একত্রে খেলবেন ১৩৪তম টেস্ট। ১৫ বছর আগে এই মাঠেই শুরু হয়েছিল কিংবদন্তিতুল্য এই বোলিং জুটির। যারা এখন গোধুলিলগ্নেও প্রতিপক্ষের ব্যাটিং ইউনিটকে শাসন করে চলেছেন।

 

স্টোকস বলেন, ‘‌১৫ বছর আপনার কাছে দীর্ঘ সময়ই মনে হবে, কিন্তু আপনি যখন বিশ্বমানের হবেন, তখন মানুষজন প্রত্যাশাই করবে যে, আপনি ১৫ বছর থাকবেন। এই দুজন মানুষ অবিশ্বাস্যভাবেই এগিয়ে চলেছেন। শুরু শিশুরাই নয়, এই দলেও যারা আছেন তারাও এই দুজনের মতো অর্জন নিয়ে স্বপ্ন দেখে।’

 

২০১০ সালের পর ইংল্যান্ডের কোনো টেস্ট দল টানা ছয় ম্যাচে জেতেনি। এখন ১৯ বছরের মধ্যে প্রথমবার টানা সাত টেস্ট জয়ের খোঁজে স্টোকসের দল। অন্যদিকে, ২০০৭ সালের পর হোম সিরিজ হার এড়াতে মরিয়া কিউইরা এই টেস্টে জিততে চাইবে।