ব্রাজিলের রিও নগরীর ঐতিহ্যবহুল
মারাকানা স্টেডিয়ামে আজ রোববার ভোরে লাতিন আমেরিকান ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই
কোপা লিবার্তাদোরেস ফাইনালে আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে
চ্যাম্পিয়ন হয়েছে ফ্লুমিনেন্স।
ম্যাচের ৩৬ মিনিটে অভিজ্ঞ ফরওয়ার্ড
জার্মান কানোর গোলে লিড নেয় স্বাগতিক দল ফ্লুমিনেন্স। ৭২ মিনিটে লুইস আদভিনকুলার
গোলে সমতা আনে বোকা। ১-১ গোলে সমতা থাকায় জমজমাট এই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৯তম মিনিটে বাতিস্তা ডি সুজার (জন কেনেডি) গোলে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত হয়।
এটাই ক্লাবটির প্রথম মহাদেশীয় শিরোপা।
জন কেনেডি আগেই একটি হলুদ কার্ড দেখেছেন। এরপর গোল করে অতি আনন্দে তিনি সমর্থকদের মধ্যে চলে যান। ফিরে আসার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে মাঠ ছাড়তে হয়। ছয়বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে যেতে হয় ফ্লুমিন্সেকে। যদিও প্রতিপক্ষের ফ্রাঙ্ক ফাব্রা অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ১০৭ মিনিটে লাল কার্ড দেখেন। তখন ১০-১০ জনে সমতা আসে। যদিও গোলে সমতা আনতে পারেনি দিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত বোকা জুনিয়র্স।
আগামী ডিসেম্বর মাসে সৌদি আরবে ক্লাব বিশ্বকাপ
আসর অনুষ্ঠিত হবে। ওই আসরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানসিটির সঙ্গে অংশ নেবে
ফ্লুমিনেন্সও।
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক
লেফট-ব্যাক মার্সেলো এবার ফ্লুমিনেন্সের হয়ে মহাদেশীয় শিরোপা জিতলেন। গত জানুয়ারিতে
তিনি ইউরোপের পাঠ চুকিয়ে শৈশবের ক্লাবে ফেরেন। ফিরেই পেলেন সাফল্য। রিয়ালে ১৬
মৌসুম খেলার পর তিনি মাঝে কিছুদিন খেলেন গ্রিসের অলিম্পিয়াকোস ক্লাবে। সেখান থেকে
আসেন ফ্লুমিনেন্সে।
রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও
ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন। এবার জিতলেন কোপা লিবার্তাদোরেস। এর মধ্য দিয়ে ১৫ জন
খেলোয়াড়ের এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। এই ক্লাবে আছেন রোনালদিনহো, নেইমার ও
হুলিয়ান আলভারেজ।
মার্সেলো বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের
সবচেয়ে মূল্যবান শিরোপা। কারণ এই ক্লাবটি আমার ক্যারিয়ারটা গড়ে দিয়েছে।’










