প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ আসর বসেছে দক্ষিণ আফ্রিকায়। আজ শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে। প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ার হাতছানি ভারত ও ইংল্যান্ডের সামনে।

দুই সপ্তাহের এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব, সুপার সিক্স পর্ব ও সেমিফাইনাল শেষে আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। পচেফস্ট্রুমে স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টা) শুরু হবে ম্যাচটি।

শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত সহজে হারায় নিউজিল্যান্ডকে। যদিও আরেক সেমিফাইনালে থ্রিলার লিখে জিতেছে ইংল্যান্ড। শিরোপা ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯৯ রানের পুঁজি নিয়েও তিন রানের জয় তুলে নিল ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ৯৯ রানে গুটিয়ে যায় ইংলিশরা। একটি পর্যায়ে ৪৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংলিশ নারীরা। তখন অ্যালেক্সা স্টোনহাউজ (২৫) ও জোসি গ্রোভস (১৫) হাল ধরে দলকে ৯৯ রানের পুঁজি এনে দেন। এর আগে ওপেনার গ্রেস স্ক্রিভেন্স করেন ২০ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৭ রান। ম্যাগি ক্লার্ক, ইলা হেইওয়ার্ড ও সিয়ান্না জিঞ্জার তিনটি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে হান্নাহ বেকার (৩/১০) ও স্ক্রিভেন্সের (২/৮) ঘূর্ণির সামনে পড়ে ১৮.৪ ওভারে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এলি অ্যান্ডারসন ও অ্যালেক্সা স্টোনহাউজের তোপের মুখে শুরুর দিকে দ্রুত উইকেট হারালেও মাঝে স্থিতি আনে অজিরা (৫৬/৪)। যদিও ৪০ রানের মধ্যে শেষ ছয়টি উইকেট হারিয়ে বসে তারা। এর মধ্যে তিনটিই নেন হান্নাহ বেকার। অস্ট্রেলিয়ার এমি স্মিথ ২৬ ও ক্লেয়ার মুর ২০ রান করেন।

এদিন আরেক সেমিফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। তাদের ঘূর্ণিতে বেসামাল কিউইরা ৯ উইকেটে ১০৭ রান তুলতে সমর্থ হয়। পারশাভি চোপড়া ২০ রানে নেন তিনটি উইকেট। শেফালি ভার্মা চার ওভারে মাত্র সাত রান দিয়ে তুলে নেন একটি উইকেট। এরপর ওপেনিং ব্যাটার ও টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক শ্বেতা সেরাওয়াতের হাফসেঞ্চুরি (৪৫ বলে ৬১*) ভারতকে এনে দেয় আট উইকেটের সহজ জয়।

শ্বেতা আজ ফাইনালে চিন্তার কারণ হতে পারেন ইংল্যান্ডের। চলতি আসরে ৬ ম্যাচে ২৯২ রান করেছেন তিনি ১৪৬ গড় ও ১৪১.০৬ স্ট্রাইক রেটে। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস।