২৯টি দল কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইতোমধ্যে তাদের নিয়ে গ্রুপ পর্বের ড্র-ও অনুষ্ঠিত হয়েছে। ২০২২ বিশ্বকাপে সর্বমোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এখনো ৩টি দলের জায়গা ফাঁকা আছে। সরাসরি টিকিট কাটতে না পারায় সেই তিনটি দলকে খেলতে হবে প্লে-অফ রাউন্ড। বিশ্বকাপে বাকি থাকা অন্য প্লে-অফের সূচিও চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৩-১৪ জুন দোহার আহমাদ বিন আলি স্টেডিয়ামে আন্ত-মহাদেশীয় প্লে-অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আগামী ৭ জুন এই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৩ জুন লাতিন আমেরিকার দেশ পেরুর মোকাবেলা করবে। সেই ম্যাচে বিজয়ী দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। তারা গ্রুপ-ডি’তে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে।
এছাড়া ১৪ জুন কোস্টারিকা প্লে-অফের আরেক ম্যাচে খেলবে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ-ই’তে স্পেন, জার্মানি ও জাপানের মোকাবেলা করবে।
ইউরোপিয়ান প্লে-অফের তিনটি পাথে দুটি দল ইতোমধ্যে বিশ্বকাপের মূল পর্বে চলে গেছে। তবে মহাদেশটির এখনো একটি পাথের প্লে-অফ বাকি আছে। যেখানে আগামী ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুুখি হবে ইউক্রেন। সেই ম্যাচটি যারা জিতবে ৫ জুন তারা ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে। ফাইনালে জয়ী দল পাবে বিশ্বকাপ খেলার টিকিট। বি গ্রুপে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা। এই প্লে-অফ ম্যাচটির সূচি গত মাসেই চূড়ান্ত করেছিল ফিফা। রয়টার্স










