সিলেটে অষ্টম নারী এশিয়া কাপ ক্রিকেট টি২০-এর প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৮৩ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড।

আজ শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় থাইল্যান্ড। এরপর ব্যাট হাতে মাঠে নেমে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। খেলার দুই বল বাকি থাকতে বাংলাদেশের স্পিনের জাদুতে আটকে যায় ৮২ রানে।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাত্থাকান ছানথামের ব্যাট থেকে আসে ২০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন নাহিদা, সানজিদা ও সোহেলী আক্তার।

এ দিকে দিনের দ্বিতীয় ম্যাচে আজ দুপুরে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেন সালমারা।